উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে মালদহে গ্রেপ্তার যুবক। ধৃতের থেকে ৩১৫ বোরের পিস্তল, কার্তুজ, একটি ছুরি, আপত্তিকর কিছু ছবি ও একটি মোবাইল ফোন উদ্ধার করে উত্তরপ্রদেশের নয়ডার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক শেখ আতাউল মালদহ থানার রতুয়ার সাহাপুর এলাকার বাসিন্দা। এলাকায় সে খিচ্চু গণী নামে পরিচিত। জানা গিয়েছে, কয়েক বছর ধরেই দিল্লিতে রিকশা চালকের কাজ করত আতাউল। বেশ কিছু দিন আগে অভিযুক্তের এক ভিডিও ভাইরাল হয়।যেখানে দেখা যায় অভিযুক্ত যুবক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিচ্ছে।
সেই ভিডিও তাকে বলতে শোনা যায়, “বিসমিল্লা বলে যোগীর কুরবানি দিয়ে দেব।” ভিডিও ভাইরাল হতেই নয়ডার সেক্টর ৩৯ থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। খুনের অভিযোগের পাশাপাশি সমাজমাধ্যমে হিংসা ছড়ানো ও বাংলাদেশ ইস্যু থেকে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বিষয় নিয়ে আপত্তিকর কথাবার্তা বলার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। তারপরে তদন্তে নেমে মালদহে আতাউল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।







