বিধানসভায় সকাল সকাল শোরগোল। সকাল সকাল জ্যোতিপ্রিয় মল্লিক, মানিক ভট্টাচার্য ও পার্থ চট্টোপাধ্যায়ের ছবি দিয়ে চোর লেখা প্ল্যাকার্ড নিয়ে বিজেপি বিধায়করা বিক্ষোভ শুরু করে। সঙ্গে চলে স্লোগান চোর চোর, পার্থ কোথায়, বালু কোথায়।
বিধানসভা থেকে ওয়াকআউটের পর অধিবেশনের কক্ষের বাইরে লাগাতার বিক্ষোভ দেখাতে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সমস্ত বিজেপি বিধায়কেরা, যার জেরে বিধানসভা চত্বর বেশ অশান্ত হয়ে পড়ে।
এবার বিজেপি বিধায়কের এমন কর্মকান্ডের তীব্র কটাক্ষ করেছেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। তিনি তাদের কটাক্ষ করে বলেন ‘কালো পোশাক পরে এখানে যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের এমন অনেক কিছু আমি জানি যে মুখ খুললে পালাবার পথ পাবে না।’
বিজেপির কটাক্ষের জবাবে তিনি আরো বলেন ‘চোরের মায়ের বড় গলা। এখানে দাঁড়িয়ে যারা চোর চোর করে চিল্লাচ্ছে, তাঁরা প্রতি স্কোয়ার ফিট কত টাকা করে নেয় সব জানি। আমি যদি একবার মুখ খুলি, পালিয়ে বাঁচবে না। কিন্তু আমি শুধু মুখ খুলছি না এই কারণে যে আমি বিশ্বাস করি এক ড্রেসিংরুমে থাকলে নোংরা লিনেন বাইরে ধোওয়া উচিত নয়।’
শুধুমাত্র এখানেই শেষ নয়, বিজেপি নেতা দিলীপ ঘোষের নাম করে কটাক্ষ করে বলেন ‘আসানসোলে দিলীপবাবু তো একের পর এক কয়লা ক্ষমািয়াকে সাইন করাচ্ছিলেন। আমি একমাত্র এর প্রতিবাদ করি। এই যে দিলীপ ঘোষ রোজ সকালে হাঁটতে গিয়ে বড় বড় কথা বলেন, এক বছর ধরে কোন ব্যবসায়ীর বাড়িতে ছিলেন উনি? কে তাঁকে ওই বিশাল বাড়িটায় থাকতে দিয়েছিল? উনি যে হাতে ঘড়িটা পরেন, কোথা থেকে পেলেন ঘড়িটা? ওই ঘড়িটা পরার মতো ক্ষমতা রয়েছে ওঁর? সোনার ইয়ে করা…কোথা থেকে এসব আসে?’







