দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের মেগা সমাবেশে গম গম বিরোধীদের বিস্ফোরক হুঙ্কার। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে এবং তথাকথিত ‘ভোট চুরি’ ও ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে আয়োজিত ইন্ডি জোটের এই মেগা সমাবেশ হয়ে উঠেছিল বিরোধীদের ক্ষোভ উগরে দেওয়ার চূড়ান্ত মঞ্চ। এদিনের সমাবেশে সুর চড়িয়ে বিরোধী নেতারা নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি নিশানা করেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কেন্দ্র ও একাধিক রাজ্য সরকারের জয়কে সোজা ভাষায় ‘ভোট চুরির সরকার’ বলে আক্রমণ করেন এবং অভিযোগ তোলেন যে শাসক শিবির দলিত, নারী ও যুবকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে।
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিরচেনা ভঙ্গিতে সিইসি-কে সরাসরি বিঁধে প্রশ্ন ছুঁড়ে দেন— “জ্ঞানেশ, কবে বিদায় নেবে?” এবং বাংলায় ভোটার তালিকা সংশোধনের নামে প্রভাব বিস্তারের চেষ্টা কঠোর হাতে প্রতিহত করার হুঙ্কার দেন। সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব রামলীলা ময়দানকে ‘গণতন্ত্রের হলদিঘাটি’ আখ্যা দিয়ে দাবি করেন, জনগণের এই ঢল প্রমাণ করছে দেশে যেকোনো মুহূর্তে রাজনৈতিক পরিবর্তন আসতে পারে। পাশাপাশি, তেজস্বী যাদব এই লড়াইকে মহাভারতের সঙ্গে তুলনা করে শাসকপক্ষের রাজনৈতিক কৌশলকে ‘শকুনি মামার পাশা খেলা’ বলে কটাক্ষ করেন। অভিযোগ, হুঙ্কার আর প্রতিবাদের এই সমাবেশে বিরোধীরা এককাট্টা হয়ে বার্তা দিয়েছে যে, গণতন্ত্র রক্ষায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাদের এই লড়াই থামার নয়।







