বিধানসভা নির্বাচনের মুখে ফের রাজনৈতিক তরঙ্গে উত্তাপ। পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের বিদায়ী দমকলমন্ত্রী সুজিত বসুর ওপর চাপ আরও বাড়াল ইডি। তদন্তকারীরা তাঁকে তৃতীয় তলব নোটিস পাঠিয়েছে। শনিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। একই সঙ্গে তলব করা হয়েছে বিদায়ী খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও।
এর আগেও দু’বার নোটিস গিয়েছে সুজিত বসুর কাছে, কিন্তু ভোট প্রচারের ব্যস্ততা দেখিয়ে হাজিরা দেননি তিনি। গতকালই তিনি ইডির বিরুদ্ধে “হেনস্থা” করার অভিযোগ তুলে চিঠি পাঠান। প্রশ্ন— অভিযোগ জানিয়েও কেন আবার তলব? ইডি সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের জন্য তাঁর উপস্থিতি জরুরি।
এদিকে, জমি দখল মামলায় তৃণমূলের রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমারকেও সম্প্রতি নোটিস দিয়েছিল ইডি। ফলত, ভোটের আগে কেন্দ্রীয় সংস্থার এই সক্রিয়তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে—
কেন একের পর এক তৃণমূল প্রার্থীকেই তলব?
ইডি বেআইনি অর্থ উদ্ধারে সক্রিয় ঠিকই, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নগদও উদ্ধার হয়েছে। কিন্তু নির্বাচনের ঠিক আগে একই দলের একাধিক প্রার্থীকে ঘিরে তদন্তের গতি বাড়ায় শাসকদলের অন্দরে বাড়ছে অস্বস্তি ও প্রশ্ন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই তলবের ধারা ভোট-রাজনীতিকে সরাসরি প্রভাবিত করতে পারে।
এই মুহূর্তে নজর শনিবারের দিকে— হাজিরা দেবেন কি সুজিত বসু?







