বর্ষার মেজাজ এখনও কাটেনি। একদিকে বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, অন্যদিকে সপ্তাহান্তে ফের উত্তরবঙ্গে সক্রিয় হতে পারে বৃষ্টি। এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে।
মৌসুমী অক্ষরেখাও সক্রিয় রয়েছে। দিঘার উপর দিয়ে বিস্তৃত এই অক্ষরেখা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। ফলে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন অংশে আবহাওয়ার ওঠানামা চলবে।
দক্ষিণবঙ্গে আজ কোথায় বৃষ্টি?
বুধবার দক্ষিণবঙ্গের আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি রয়েছে হলুদ সতর্কতা।
বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও থাকছে।
তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। সপ্তাহান্তে ধীরে ধীরে কমতে পারে বৃষ্টির পরিমাণ।
উত্তরবঙ্গে শুক্রবার থেকেই বদলাবে ছবি
বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে শুক্রবার থেকেই ফের বদলাতে পারে পরিস্থিতি। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার দার্জিলিং ও জলপাইগুড়িতেও জারি রয়েছে হলুদ সতর্কতা।
সোমবার থেকে অবশ্য উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ ফের কমতে পারে।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
কলকাতায় বুধবার আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
তবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত শহরে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। ফলে তাপমাত্রা সামান্য বাড়ার পাশাপাশি বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় ফের বাড়তে পারে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি কম। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৬ থেকে ৩২ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা।
অর্থাৎ, বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টি, বৃহস্পতিবার থেকে সাময়িক স্বস্তি—আর শুক্রবার থেকেই নিম্নচাপের প্রভাবে ফের বদলের ইঙ্গিত আবহাওয়ায়। বিশেষ নজর থাকছে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলির দিকে।







