নতুন বছরের শুরুটা ভালো হয়নি টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশের। নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ গতকাল, শুটিং ফ্লোরে অ্যাকশন দৃশ্যের জন্য স্টান্ট করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন তিনি। তাঁর ডান হাঁটুতে চোট লেগেছে।
অঙ্কুশের প্রযোজিত প্রথম ছবি ‘মির্জা’র শুটিং চলছে। এই ছবির জন্যই তিনি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। রবিবার, ৩১ ডিসেম্বর, শুটিং ফ্লোরে কেব্ল নিয়ে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে তিনি মালাইচাকিতে চোট পান।
অঙ্কুশের কথায়, “ছ’বছর পর অ্যাকশন ছবি করছি। তাই অভ্যাস নেই বলেই চোট লেগেছে। এখন তো বাণিজ্যিক অ্যাকশন ছবি আর সেই ভাবে তৈরি হয় না। ‘মির্জা’র শুটিং করতে গিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছি যে, কেন তৈরি হয় না।”
চোটের কারণে অঙ্কুশের ডান হাঁটুতে ‘নি ক্যাপ’ লাগানো হয়েছে। তিনি এখন বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। আগামী দেড় মাস অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন না তিনি। তত দিনে ছবির বাকি অংশের শুটিং করে নেবেন।







