নবান্নের তরফ থেকে নির্দেশিকা জারি করে পাঠানো হল জেলাগুলিকে। ওই নির্দেশিকায় লেখা ছিল রাজ্যের প্রত্যেকটি গ্রামে দিতে হবে জনসংযোগ প্রোগ্রামের সুবিধা। রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা নির্দেশিকা জারি করে বলেন, “২০টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে জনসংযোগ প্রোগ্রাম থেকে।”
প্রতিবন্ধী শংসাপত্র, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, জাতিগত শংসাপত্র, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু-সহ দুয়ারে সরকার কর্মসূচির একাধিক প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এই বিশেষ কর্মসূচি থেকে। রাজ্যের মুখ্য সচিব নির্দেশিকা জারি করে শনিবার ছুটি বাতিলের কথা জানান এবং আরও জানান জনসংযোগ প্রোগ্রাম চলাকালীন কেউ ছুটি নিতে পারবেন না।
রাজ্যপাল মুখ্য সচিব-কে চিঠি পাঠিয়ে জানতে চান, “রাম মন্দির উদ্বোধনের দিন আগামী ২২ জানুয়ারি রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় কী কী পদক্ষেপ? কোন কোন জেলায় কী কী ধরনের পদক্ষেপ করা হয়েছে? কী পরিমাণ বাহিনী মোতায়েন করা হচ্ছে, কোন কোন জায়গায়?” রাজ্যের থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠালেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, দ্রুত এই রিপোর্ট পাঠানোর নির্দেশ মুখ্য সচিবকে দেওয়া হয়েছে।







