ইন্ডিয়া জোটেই আছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত ঝাড়খণ্ডের গুমলার সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর এমনটাই দাবি। অন্যদিকে আবার, ‘আসন’ প্রসঙ্গে কংগ্রেসকে একের পর এক তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরবর্তীতেও রাহুলের দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি জোটেরই অংশ’।
উল্লেখ্য, কংগ্রেস লোকসভা ভোটে ৪০টি আসন পাবে কিনা ঠিক নেই, এমন মন্তব্যও করেছেন মমতা। যদিও তৃণমূল নেত্রীর বক্তব্য প্রসঙ্গে ঝাড়খণ্ডে রাহুলের উবাচ ছিল, ‘যদি আপনারা মমতাজি’র বিবৃতি দেখেন, তিনি ‘ইন্ডিয়া’ জোটের শরিক হিসেবে রয়েছেন।’
রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ওড়িশায় প্রবেশের ঠিক আগে রাহুল বলেছিলেন, ‘আপনি যদি মমতাজির বিবৃতি দেখেন, তিনি ইন্ডিয়া জোটের অংশ এবং অন্যান্য সদস্য যারা ভারত জোটের অংশ ছিল তাদের অধিকাংশই এখনও এই জোটেরই সদস্য।’ তাঁর সংযোজন, ‘নীতীশ কুমার জোট ত্যাগ করে বিজেপিতে চলে গেছেন। তার চলে যাওয়ার কারণ কী তা যে কেউ অনুমান করতে পারেন। আমি একমত নই যে আমাদের অনেক সদস্য বেরিয়ে যাচ্ছেন।’







