বছর পঁয়ত্রিশের এক যুবক বান্ধবীকে নিয়ে হোটেলে রাত কাটানোর পর ঘটে মর্মান্তিক ঘটনা। সোদপুরের মুড়াগাছা এলাকার একটি হোটেলে রবিবার বান্ধবীকে নিয়ে এসেছিলেন বারাকপুরের বাসিন্দা বাবলু মণ্ডল। তখন বিকেল প্রায় পৌনে চারটে। ৩০৪ নং ঘরে ছিলেন তাঁরা। কিছুক্ষন পরে সন্ধ্যা নাগাদ বান্ধবীকে হোটেল থেকে বেরিয়ে যেতে দেখেন কর্মীরা। তাঁকে জিজ্ঞাসা করা হয়, তাঁরা ঘর ছেড়ে দিচ্ছেন কি না। তাতে ওই যুবতী জবাব দেন, ঘর এখনই ছাড়ছেন না। তিনি দরকারে একটু বাইরে যাচ্ছেন, ফিরে আসবেন। এরপর আর কাউকেই দেখা যায়নি।
তারপরে চেক আউটের সময় পেরিয়ে গেলেও ৩০৪ নং ঘর থেকে কেউ না বেরনোয় খোঁজ নিতে যান হোটেলের কর্মীরা। দেখেন, বাবলু মণ্ডল উপুড় হয়ে পড়ে রয়েছেন, মুখ থেকে ফেনা বেরচ্ছে। তা দেখেই সঙ্গে সঙ্গে ঘোলা থানায় খবর দেওয়া হয়। অতঃপর ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে পানিহাটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পাঠানো হয় যুবকের পরিবারকে।
কিন্তু কী কারণে মৃত্যু হল তাঁর? এটা কী খুন নাকি খাবারে বিষক্রিয়া নাকি আত্মহত্যা? তা জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, বান্ধবীর সঙ্গে ঝামেলার জেরে মৃত্যু হতে পারে। তবে যুবক আত্মঘাতী হয়েছেন নাকি বান্ধবীই খুন করে পলাতক, তা অজানা। বান্ধবীকে নাগালে পেলে অনেক ধোঁয়াশা কেটে যাবে বলে আশা তদন্তকারীদের।







