তাঁর নতুন ছবি ‘বহুরূপী’-র শ্যুটিং চলছিল শহরেই। থ্রিলারধর্মী এই ছবির হাত ধরে একগুচ্ছ চমক নিয়ে আসছেন, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় । পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করছেন শিবপ্রসাদ। তবে আজ, শ্যুটিং চলাকালীনই ঘটে দুর্ঘটনা। একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে পড়ে যান পরিচালক-অভিনেতা। তাঁর কোমরে চোট লেগেছে।
জানা যাচ্ছে, পড়ে গিয়ে কোমরে চোট লাগলেও তা ঠিক কতটা গুরুতর, এখনও বোঝা যায়নি। পড়ে যাওয়ার পরেও নাকি শ্যুটিং শেষ করতে চেয়েছিলেন শিবপ্রসাদ। তাঁকে একরকম জোর করেই হাসপাতালে পাঠানো হয়েছে তাঁকে। এখনও চিকিৎসা চলছে অভিনেতা পরিচালকের। চোট কতটা গুরুতর তা পরীক্ষা করার জন্য হাসপাতালেই কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আদৌ হাড় ভেঙেছে কি না সেটা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে বাকি অভিনেতা অভিনেত্রীদের শ্যুটিং যথারীতি চলছে বলেই জানা যাচ্ছে।






