কলকাতার কসবায় এক তরুণী ই-কমার্স সংস্থার নামে সাইবার প্রতারণার জলে জড়িয়ে খোওয়ালেন ২ লক্ষ টাকা । টেলিগ্রাম অ্যাপে এক অজ্ঞাত ব্যক্তি তাঁকে বাড়ি থেকে কাজের জন্য সুযোগ করে দেওয়ার কথা জানায়। ফলত একটি অ্যাপ-নির্ভর ই-কমার্স প্ল্যাটফর্মে ‘ক্যাশ অন ডেলিভারি’ পণ্যের জন্য ‘অনুমোদনকারী’ হিসেবে নিযুক্ত হবার কথা বলে।
প্রতিশ্রুতি দেয়, তিনি যা টাকা ‘লগ্নি’ হিসেবে দেবেন, তা দ্বিগুণ ফেরত পাবেন। এই লোভনীয় ফাঁদে পড়ে তরুণী মোট ২ লক্ষ টাকা খোয়ালেন। প্রতারণার কথা বুঝতে পেরে মঙ্গলবার তিনি কসবা থানা ও দক্ষিণ শহরতলির সাইবার সেলে অভিযোগ দায়ের করেন।
প্রতারণার শুরুতে, প্রথমে একটি পণ্যের জন্য ২০০ টাকার ‘অনুমোদন’ দিয়ে তরুণী ৫০০ টাকা পান । পরে ৬০০ টাকার পণ্যে ১০০০ টাকা ফেরত পান। এই প্রাথমিক সাফল্যে বিশ্বাস করে টেলিগ্রামে তরুণী প্রতারককে কয়েক দফায় ২ লক্ষ টাকা দেয়, যার বিনিময়ে ৪.৫ লক্ষ টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে ছিলেন তিনি। কিন্তু মাসের শেষে প্রতারকরা আরও ৫০ হাজার টাকা দাবি করলে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। তরুণী জানান”আমি ভেবেছিলাম এটি সত্যি চাকরির সুযোগ, কিন্তু সবটাই জাল ছিল,”
পুলিশ জানিয়েছেন, লালবাজারের সাইবার সেল অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে। তরুণীর দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ও টেলিগ্রামে কথোপকথন খতিয়ে দেখা হচ্ছে। সাইবার ক্রাইম বিশেষজ্ঞ দেবাশিস মুখোপাধ্যায় জানান, “এই ধরনের প্রতারণায় সতর্কতা জরুরি। অপরিচিত অফারে টাকা দেওয়ার আগে যাচাই করুন”।







