ফের তিলোত্তমার বুকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। শনিবার ঘড়ির কাটায় ঠিক ১২টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমদমের সংলগ্ন হনুমান মন্দির লাগোয়া ছাতাকলের ঝুপড়িতে আগুন ছড়িয়ে পরে। আগুন নিয়ন্ত্রণে তৎপর দমকলের ১০টি ইঞ্জিন।
আজ দুপুরে আচমকা ঝুপড়িতে আগুন ধরে যায়। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ার কারণে দ্রুতগতিতে ছড়িয়ে পরে আগুন। স্থানীয় সূত্রে জানা গেছে, সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথম দিক আচমকা বিকট শব্দে ঝুপড়ি থেকে বেরিয়ে আসে স্থানীয় বাসিন্দারা। এরপরে আগুন চোখে পরতেই ঝুপড়িবাসীরাই আগুন নেভানো কাজ শুরু করে। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে দমকল।
তবে এলাকা ঘিঞ্জি থাকার কারণে দমকল বাহিনীকে সমস্যার মুখে পরতে হচ্ছে। পাশাপাশি ঝুপড়ির কাছে প্লাস্টিক সহ দাহ্য বস্তু মজুত থাকায় আগুনের তীব্রতা আরো বৃদ্ধি হয়। মাঝেমধ্যে বিস্ফোরণে আওয়াজে কেঁপে উঠছে পুরো দমদম এলাকা। পাশাপাশি নিমেষের মধ্যে কার্যত পুড়ে ছাই হয়ে যাচ্ছে একের পর এক বাড়ি। এমনকি কালো ধোঁয়া যশোর রোড থেকে দমদম স্টেশন পর্যন্ত ছড়িয়ে পরেছে। তবে এখনও পর্যন্ত কোনোরকম হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী, তৃণমূল প্রার্থী সৌগত রায় ও দমকল মন্ত্রী সুজিত বসু।
সুজন চক্রবর্তী জানিয়েছেন, “কীভাবে আগুন লাগল, এর পিছনে কী কারণ, তা পরে ভাবা যাবে। আপাতত আগুন যাতে দ্রুত নেভানো সম্ভব হয়, সেটাই আমরা দেখছি।”







