ক্রাইম

দাদুর কাছে চাওয়া হয়েছিল কয়েক লাখ, মেলেনি টাকা! অনলাইন গেমের নেশায় ব্যবসায়ীকে খুন নাতির, ১২ ঘণ্টায় রহস্যভেদ

রাখির দিন নাতি-নাতনিদের সঙ্গে আনন্দেই সময় কেটেছিল মালদহের ব্যবসায়ী অর্ণব সেনের। কে জানত, সেই রাতেই কাছের এক নাতির হাতেই প্রাণ হারাবেন তিনি! কয়েক লাখ টাকা পাওয়ার আশায় বন্ধুকে সঙ্গে নিয়ে দাদুকে খুনের অভিযোগ উঠল ২২ বছরের নাতির বিরুদ্ধে। অনলাইন গেমের নেশা এবং বিপুল ধার শোধ করতেই নাকি এই ভয়ঙ্কর ছক।

মালদহ শহরের ২ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকার বাড়ি থেকে শুক্রবার সকালে অর্ণব সেনের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। গলার কাছে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে, আলমারি খোলা অবস্থায় পড়েছিল। প্রথমে ঘটনাটি ডাকাতির উদ্দেশ্যে খুন বলে মনে হলেও তদন্তে দ্রুত বদলে যায় ছবিটা।

ঘরে ঢুকেই তদন্তকারীদের নজরে আসে অদ্ভুত কিছু সূত্র। তখনও ইন্ডাকশন চালু ছিল, টেবিলের উপর পড়ে ছিল চায়ের কষ লেগে থাকা দু’টি কাপ। অর্থাৎ খুনিরা যে পরিচিত কেউ এবং ঘটনার আগে নিহতের সঙ্গে বসে কথা বলেছিল, সেই সম্ভাবনা জোরালো হয়।

তদন্তে নেমে পরিবারের সদস্য ও পরিচিতদের জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, অর্ণবের মোবাইলটিও নিখোঁজ। ফোনের লোকেশন অনুসরণ করতেই তদন্তকারীদের হাতে আসে গুরুত্বপূর্ণ সূত্র। প্রায় পাঁচ কিলোমিটার দূরের এলাকা থেকে উদ্ধার হয় মোবাইল। এরপরই শুভজিৎ ঘোষ ও তার বন্ধু কৌশিক ঘোষ ওরফে পচাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের দাবি, শুভজিৎ সম্পর্কে অর্ণবের দূর সম্পর্কের নাতি। বৃহস্পতিবার রাতে দু’জনেই দাদুর বাড়িতে গিয়ে চা খান। সেই সময় শুভজিৎ কয়েক লাখ টাকা চায় বলে অভিযোগ। টাকা দিতে অস্বীকার করতেই তাঁকে খুনের পরিকল্পনা করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, অনলাইন গেমে আসক্ত ছিল দুই যুবক। এক জনের প্রায় তিন লক্ষ টাকা এবং অন্য জনের প্রায় এক লক্ষ টাকা দেনা হয়েছিল। সেই ঋণের বোঝা থেকেই দাদুর কাছে টাকা চাওয়া এবং শেষ পর্যন্ত তাঁকে খুনের ছক বলে অভিযোগ।

পুলিশের দাবি, রাতে ঘুমোতে যাওয়ার সময় অর্ণবের উপর হামলা চালানো হয়। প্রথমে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধের চেষ্টা এবং পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। খুনের পরেও বেশ কিছুক্ষণ বাড়িতে তল্লাশি চালায় অভিযুক্তরা।

মালদহের পুলিশ সুপার অনুপম সিংহ জানিয়েছেন, দুই অভিযুক্তই অনলাইন গেমে আসক্ত এবং দেনা শোধ করতেই ব্যবসায়ীকে খুনের পরিকল্পনা করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, খুনের পর কী কী জিনিস নেওয়া হয়েছিল—তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.