বঙ্গ বিজেপির আশা ছিল , SIR শুরু হলে , বাংলায় কিছুটা হলেও জায়গা বিস্তার করতে পারবে গেরুয়া শিবির । কিন্তু সে কাজ যে অনেক টা কঠিন , নিবিড় ভোটার তালিকা সংশোধন শুরু হতেই স্পষ্ট বিজেপির কাছে । তাই এবার সম্ভাবনা , ধর্মীয় মেরুকরণের রাজনীতির বুমেরাং হওয়ার ।
SIR এ বিজেপির ভোটব্যাঙ্ক , অর্থাৎ চিহ্নিত হিন্দু নামও ভোটার তালিকা থেকে বাদ পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর তাতেই বঙ্গ বিজেপির উদ্বেগ বাড়তে শুরু করেছে । এমত পরিস্থিতিতে , পরবর্তী ভাবনা বা কৌশল কি হতে পারে ! জানা গিয়েছে , তা নিয়েই , বঙ্গ নেতাদের সঙ্গে বুধবার রাজধানীতে বৈঠকে বসছে দলের শীর্ষনেতৃত্ব। এই বৈঠকে , দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বি এল সন্তোষ, পর্যবেক্ষক সুনীল বনশল, নির্বাচনী পর্যবেক্ষক কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য , বাংলার রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার-সহ রাজ্য নেতৃত্বদের থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছে।
বুধবার যেমন নতুন কৌশল ঠিক হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে , তেমনই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের উপর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেমন চাপ বজায় রাখার সিদ্ধান্ত হয়েছিল তা ঠিক তেমনই চলবে। পাশাপাশি, কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হবে জাতীয় নির্বাচন কমিশনারের উপর । পাশাপাশি নতুন কী কৌশল নেওয়া যেতে পারে , তা নিয়েই বুধবার বৈঠকে আলোচনা করা হবে বলে সূত্রের খবর।
পাশাপাশি, আগামী বছর বিধানসভা নির্বাচনের পূর্বে ভোটপ্রচার, প্রধানমন্ত্রীর সভা এবং ভোটের আগে রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন নিয়েও এই বৈঠকে আলোচনা করা হবে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। তবে , এখনই এই বৈঠকের বিষয় মুখ খুলতে চাননি বাংলার রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।







