বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে উক্ত কেন্দ্রের প্রার্থী ঘোষণার পর থেকেই বিক্ষোভের সামনাসামনি পড়তে হয়েছে। শুনতে হয়েছে গো-ব্যাক স্লোগানও। এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রথমেই বিক্ষোভের মুখে পড়েন দিলীপ। অস্বস্তিতে পড়েন কার্যতই এবং মেজাজ হারান। তাঁকে ঘিরে তখন গো–ব্যাক, জয়বাংলা স্লোগান দিতে থাকেন কিছু মানুষজন। তখনই সোচ্চার হন প্রবীণ সাংসদ।
পালটা গর্জে উঠে দিলীপের উবাচ, ‘আরে পাগলা, কুত্তা ভোকে হাজার হাতি চলে বাজার।’ সাংসদের সংযোজন, ‘পেটে লাথি পড়েছে তাই এসব বলছে। দু’চারজন আছে, এখন ঘেউ ঘেউ করছে। চার তারিখ পর্যন্ত এসব চলবে। কারণ ওরা জানে দিলীপ ঘোষ থাকলে এসব চলবে না। তোলাবাজি চলবে না। ওরাই তো গুজরাট, বিহার থেকে প্রার্থী নিয়ে এসেছেন।’
অপরদিকে, রাজ্যপাল প্রসঙ্গে দিলীপ ঘোষের উবাচ, ‘রাজ্যপাল বলেছেন কোন দিদিগিরি মানব না। উনি ঠিকই বলেছেন, উনি তো ওনার খান না। আমরাই কোনও দিদির দাদাগিরি মানছি না। উনি তো সংবিধানে সবার উপরে আছেন।’







