একের পর এক টেস্টে ব্যর্থতার সম্মুখীন হয়েছেন লোকেশ রাহুল। সমালোচনা তাঁকে ঘিরে সর্বত্র। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টেও কি রাহুলের ওপর ভরসা রাখবে ম্যানেজমেন্ট? প্রশ্ন উঠছে একাধিক। এহেন আবহে এবার এই বিষয়ে সরব হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
উল্লেখ্য, ভারতের হয়ে শেষ ১০টি টেস্ট ইনিংসে ২৫ রানও ওঠাতে পারেননি রাহুল। পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাহুল বলেছেন, ‘যখন আপনি ভারতে রান করতে পারবেন না, তখন আপনাকে নিয়ে তীব্র সমালোচনা হবেই। কেএল রাহুলই একা এই পরিস্থিতিতে পড়েছেন, এমন নয়, অতীতেও বহু খেলোয়াড়ের সঙ্গে এমনটা ঘটেছে।’ অন্যদিকে, বারংবার ব্যর্থতা রাহুলকে কেন দলে রাখা! যা প্রসঙ্গে সৌরভের উবাচ, ‘খেলোয়াড়দের উপর অনেক চাপ রয়েছে। তার মধ্যেই ফোকাস এবং মনোযোগ ঠিক রাখতে হয়। টিম ম্যানেজমেন্ট মনে করে যে, তিনি দলের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দিনের শেষে, কোচ এবং অধিনায়ক কী মনে করেন, সেটা গুরুত্বপূর্ণ।’
যদিও রাহুল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় ভাল পারফর্মেন্স করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংযোজন, ‘ও পারফর্ম করেছে, কিন্তু সত্যি কথা বলতে, আপনি ভারতের হয়ে খেলা টপ অর্ডার ব্যাটার থেকে অনেক বেশি কিছু আশা করেন। আর আপনি যদি নিজের কাজ করতে ব্যর্থ হন, স্পষ্টতই সমালোচনা হবে। আমি নিশ্চিত রাহুলের সামর্থ্য রয়েছে। তবে ওকে রান করার উপায় খুঁজে বের করতে হবে।’
এছাড়াও একাধিক বিষয় প্রসঙ্গে সরব হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের উইকেটে ঘূর্ণি অধিক থাকার দরুন ক্রিকেটারদের অসুবিধার সৃষ্টি হয় সেখানেই, সৌরভের দাবি তা’ই। তাঁর মতে, ‘এখানকার উইকেটে বল ঘোরে, বাউন্স অসমান থাকে। তাই ছন্দে না থাকা ক্রিকেটারদের ছন্দে ফিরতে আরও সমস্যা হয়। আমার মনে হয়, রাহুলের টেকনিকের পাশাপাশি আত্মবিশ্বাসেও ঘাটতি হয়েছে। সেটা ওকে ঠিক করতেই হবে।’







