সাতসকালে ফের কলকাতায় সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ভুবনেশ্বরের একটি ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্তে কলকাতার বড়বাজার ও পোস্তা-সহ মোট ৯টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওড়িশা ও পশ্চিমবঙ্গ মিলিয়ে এই অভিযান চলছে বলে সূত্রের খবর।
তদন্তকারীদের নজরে রয়েছে ‘গুপ্তা পাওয়ার ব্যাঙ্ক’ সংক্রান্ত একটি মামলা। অভিযোগ, ওই সংস্থার মাধ্যমে ব্যাঙ্ক থেকে বিপুল অঙ্কের ঋণ নেওয়া হয়েছিল এবং পরে সেই অর্থ অন্যত্র সরিয়ে ফেলা হয়। মোট প্রায় ১১০৯ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তেই এই অভিযান বলে জানা গিয়েছে।
এই মামলায় এর আগে সিবিআইও তল্লাশি চালিয়েছিল। এবার একই মামলার সূত্র ধরে আর্থিক লেনদেন ও সম্পত্তি সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে ED-এর অভিযান বলে জানা যাচ্ছে।
কলকাতায় পরপর ED অভিযান
গত কয়েক সপ্তাহ ধরেই কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে ED-এর একাধিক তল্লাশি অভিযান হয়েছে। এর মধ্যে গত সপ্তাহে কলকাতা ও জেলায় মোট ১৫টি জায়গায় তল্লাশি চালানো হয়। সেই অভিযানের আওতায় ছিল প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের একাধিক ঠিকানাও।
তাঁর বিরুদ্ধে তথ্য ও সংস্কৃতি দফতরের সঙ্গে যুক্ত একাধিক লেনদেনে অনিয়মের অভিযোগের তদন্ত চলছে। দুর্গাপুজোর টিকিট, বিপুল অঙ্কের টাকা তোলা এবং UNESCO-র নাম ব্যবহার করে প্রতারণার মতো অভিযোগও তদন্তের আওতায় রয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতেই কসবা, হিন্দুস্তান পার্ক ও হাইল্যান্ড পার্কের ঠিকানায় তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা।
পঞ্চসায়রের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ঠিকানাতেও অভিযান হয়েছিল বলে খবর।
চিটফান্ড মামলাতেও তল্লাশি
এর আগে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেও কলকাতার একাধিক জায়গায় ED-এর অভিযান হয়েছিল। একটি চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্তে শহরের অন্তত ছ’টি ঠিকানায় তল্লাশি চালানো হয়।
নারকেলডাঙায় এক ব্যবসায়ীর বাড়ি ছাড়াও নেতাজিনগর, রবীন্দ্র সরোবর-সহ আরও কয়েকটি জায়গায় গিয়েছিলেন তদন্তকারীরা। অভিযোগ ছিল, চিটফান্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়েছিল।
একাধিক মামলায় পরপর এই অভিযান ঘিরে কলকাতায় ফের সক্রিয় ED। তবে বর্তমান তল্লাশি অভিযানে এখনও পর্যন্ত কী কী নথি বা তথ্য উদ্ধার হয়েছে, সে বিষয়ে তদন্তকারী সংস্থার তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।






