সন্দেশখালিকাণ্ডে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বক্তব্য ছিল, কিছু লোক সন্দেশখালিতে ঘরে ঘরে গিয়ে মহিলাদের ওপর অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। মহিলারা রাস্তায় নেমেছেন, রাত জেগে একসঙ্গে পাহারা দিচ্ছেন। এই চাপ দেওয়ার ব্যাপার পুলিস করছে, না জড়িত কোনও রাজনৈতিক কর্মী, তা বোঝা যাচ্ছে না। রাস্তায় রাস্তায় আলো নেই। সিসিটিভিও ঠিকভাবে কাজ দিচ্ছে না। এহেন পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যেই উচ্চ আদালতের দ্বারস্থ হন প্রিয়াঙ্কা।
এদিন প্রধান বিচারপতির এজলাসে প্রিয়াঙ্কা টিবরেওয়াল জানান, সন্দেশখালির রাস্তায় আলো লাগানো হয়নি। বসানো হয়নি সিসিটিভিও। আদালতের নির্দেশ থাকার সত্ত্বেও কাজ হয়নি। তাঁর অভিযোগ, সন্দেশখালির মহিলারা রাত জাগছেন। কারণ রাতে তাঁদের উপর হামলা করা হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। মুখে গামছা বেঁধে রাতে এসে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে, যাতে তাঁরা ধর্ষণের অভিযোগ তুলে নেন, জানান প্রিয়াঙ্কা।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সন্দেশখালির পরিস্থিতি উত্তপ্ত হয়েছে আরও৷ উঠে এসেছে একাধিক ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া থেকে শুরু করে মহিলাদের একসঙ্গে রাত জাগা৷ গতকাল প্রিয়াঙ্কা টিবরেওয়াল স্বয়ং সন্দেশখালিতে যান সেখানকার গ্রামবাসী মহিলাদের সঙ্গে কথা বলতে।







