মানিকচক, মালদা: শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল মানিকচক থানায়। রাত প্রায় ১০টা নাগাদ আচমকাই থানার মালখানায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং আশপাশের ঘরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।
জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। জেসিবি দিয়ে মালখানার একটি দেওয়াল ভেঙে আগুন বাইরে বার করার চেষ্টা চলাকালীন পরপর দুটি জোরালো বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
খবর পেয়ে মালদা থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, এক ইঞ্জিন দিয়ে নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছিল না। পরে আরও একটি ইঞ্জিন আনা হয়। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে ততক্ষণে মানিকচক থানার মালখানা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। মালখানায় বাজেয়াপ্ত থাকা সমস্ত জিনিসপত্র আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। বিস্ফোরণের উৎস এখনও স্পষ্ট নয়, তবে স্থানীয়দের মতে, মালখানায় থাকা গ্যাস সিলিন্ডার থেকেই বিস্ফোরণ হয়ে থাকতে পারে।
ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ ও দমকল দপ্তর যৌথভাবে তদন্ত শুরু করেছে। আতঙ্কে কাঁপা এলাকা এখনও ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি।







