দুর্যোগের রাত পার হয়ে দিন শুরু হয়েছে, তবে যথেষ্টই নাকাল দিচ্ছে শহরবাসীকে। বহু রাস্তাঘাট জলের তলায়। আর সেই জন্যই অনেকেই মেট্রোয় ভরসা রেখেছিলেন সপ্তাহের প্রথম দিনের অফিস যাত্রার পরিবহন হিসেবে। কিন্তু সাতসকালেই যাত্রী দুর্ভোগ শুরু। ট্র্যাক এবং সাবওয়েতে জল ঢুকে যাওয়ায় পরিষেবা বন্ধ করতে হয় অন্যতম ব্যস্ত মেট্রো স্টেশনকে।
পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের ট্র্যাকে জল জমার কারণে বন্ধ হয়ে যায় পরিষেবা মেট্রো পরিষেবা। ফলে বিপাকে পড়েন যাত্রী সাধারণ। এই ঘটনার আসল কারণ স্পষ্ট করল মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, “পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের পার্ক স্ট্রিট প্রান্তের পথ তুলনামূলকভাবে নীচু। সে জন্য মেট্রো স্টেশনের আশপাশের এলাকার জল মাটির নীচে ওই অংশে এসে জমা হয়। সারা বছরই অল্প বিস্তর জল ওই স্টেশনের দেওয়াল ঘেঁষা পাইপ দিয়ে বার হতে এবং নালি দিয়ে বইতে দেখা যায়। বর্ষার সময় আকস্মিক বৃষ্টি বেশি হলে পরিস্থিতি জটিল হয়ে যায় অনেক ক্ষেত্রেই।”
এই মুহূর্তে,
ব্লু লাইনে মেট্রো পরিষেবা চালু রয়েছে দক্ষিনেশ্বর থেকে গিরিশপার্ক পর্যন্ত অন্যদিকে, কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো চলছে। মাঝের স্টেশন গুলো নিকাশির কাজ চলছে খুব শীঘ্রই পরিষেবা স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।







