রাজনীতি

ভোট-পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তারের আশঙ্কা, আগাম জামিন চেয়ে হাই কোর্টে অনুব্রত

ভোট-পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তারের আশঙ্কার মধ্যেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আগাম জামিনের আবেদন জানিয়ে তিনি হাই কোর্টে আবেদন করেছেন। আদালত সূত্রে খবর, খুব শীঘ্রই এই মামলার শুনানি হতে পারে।

এর আগে একই মামলায় সিউড়ি জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল। তবে সেই আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত। এরপরই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়। আইনজীবীদের একাংশের মতে, নিম্ন আদালতে আগাম জামিন না মেলায় তদন্তকারী সংস্থার সামনে গ্রেপ্তারে কোনও আইনি বাধা নেই। সেই পরিস্থিতিতেই হাই কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

ঘটনার সূত্রপাত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরবর্তী সময়ে। শুভেন্দুবিকাশ মণ্ডল নামে এক ব্যবসায়ী শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন যে, নির্বাচনের পর বোমা ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তাঁর ইটভাটা থেকে প্রায় ৩০ লক্ষ টাকার ইট লুঠ করা হয়। অভিযোগে তিনি দাবি করেন, এই ঘটনার নেপথ্যে অনুব্রত মণ্ডলের নির্দেশ ছিল। পাশাপাশি, প্রাণের ভয়ে তাঁকে ব্যবসা ছেড়ে এলাকা ছাড়তে হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এই অভিযোগের ভিত্তিতেই শান্তিনিকেতন থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়। সেই মামলায় অনুব্রত মণ্ডল-সহ মোট ১৩ জনের নাম রয়েছে।

এখন নজর কলকাতা হাই কোর্টের দিকে। আদালত অনুব্রত মণ্ডলকে আগাম জামিনের সুরক্ষা দেয় কি না, তার উপরই নির্ভর করবে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.