গোটা রাজ্য জুড়ে প্রায়দিনই বিভিন্ন নেতা-মন্ত্রী থেকে শুরু করে বড় বিজনেসম্যান থেকে প্রমোটার সবার ডাক পড়ছে ইডির দরবারে। সাতসকালে একেবারে কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি জিজ্ঞাসাবাদ সব কিছুই চলছে। তবে এবার বাংলার পাশাপাশি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব গেহলটকে ডেকে পাঠাল ইডি।
প্রসঙ্গত ফরেন এক্সচেঞ্জ রেগুলেটরি অ্যাক্ট অবমাননার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়। চলতি মাসের ২৭ তারিখ তাঁকে ডাক পাঠায় ইডি। পরবর্তীতে হাজিরার সময় পরিবর্তনের জন্য আবেদন করে বৈভব গেহলট, তিনি জানান দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেবার জন্য তার কিছু সময়ের প্রয়োজন।
এরপরই ইডির তরফ থেকে দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেবার সময়সীমার বদল করা হয়। আগামী ৩০ শে অক্টোবর সকাল ১১.৩০ মিনিটে তাকে হাজিরা দেবার কথা বলা হয়েছে। যদিও এই নিয়ে রাজনৈতিক মহলে বেশ শোরগোল শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের তীব্র ভৎসনা জানাচ্ছেন কংগ্রেস নেতারা। এছাড়াও অশোক গেহলটও কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি আরও জানিয়েছেন অ-বিজেপি সমস্থ রাজনৈতিক দলগুলিকে ইচ্ছাকৃত হয়রানি করছে।







