ঘুষ নেওয়া বা তোলাবাজির মতো অনৈতিক কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সরকারি আধিকারিক থেকে রাজনৈতিক নেতা—দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে ক্ষমতায় আসার পরই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর মধ্যেই রাজ্যে একের পর এক ঘুষকাণ্ডে সরকারি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এবার তোলাবাজির অভিযোগে ঝাড়গ্রামে এক পুলিশ কনস্টেবল-সহ চারজনকে গ্রেফতার করল রাজ্য দুর্নীতি দমন শাখা। অভিযোগ, ৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন ওই কনস্টেবল।
অভিযোগ উঠেছে, লরি ও ট্রাক্টর মালিকদের কাছ থেকে দালালদের মাধ্যমে নিয়মিত তোলা আদায় করতেন ঝাড়গ্রাম থানার ওই কনস্টেবল। এই অভিযোগ সামনে আসার পর তদন্ত শুরু করে দুর্নীতি দমন শাখা। অভিযুক্তকে ধরতে পরিকল্পনা করে ফাঁদ পাতেন তদন্তকারীরা।
জানা গিয়েছে, এক ট্রাক মালিকের কাছ থেকে তোলার টাকা সংগ্রহ করছিলেন কয়েকজন দালাল। সেই সময় তাঁদের হাতেনাতে ধরে ফেলেন তদন্তকারীরা। পরে জিজ্ঞাসাবাদে দালালরা জানান, লরি ও ট্রাক্টর থেকে আদায় করা টাকা তাঁরা ওই পুলিশ কনস্টেবলকে পৌঁছে দিতেন। তাঁদের মধ্যে একজন দাবি করেন, ইতিমধ্যেই তিনি ৫ লক্ষ টাকা তোলা হিসেবে সংগ্রহ করেছেন।
তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। এক দালালের মোবাইলে অভিযুক্ত কনস্টেবলের ফোন নম্বর ‘ঝাড়গ্রাম ম্যানেজার’ নামে সেভ করা ছিল বলে জানতে পারেন তদন্তকারীরা।
প্রাথমিক তদন্তে বিভিন্ন তথ্যপ্রমাণ হাতে আসার পর ওই পুলিশ কনস্টেবল এবং তিন দালালকে গ্রেফতার করে দুর্নীতি দমন শাখা। তাঁদের কাছ থেকে ৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই তোলাবাজির চক্র কতটা বিস্তৃত, কতদিন ধরে এইভাবে টাকা আদায় করা হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একইসঙ্গে এই ঘটনায় কোনও প্রভাবশালী ব্যক্তি বা সরকারি আধিকারিকের যোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই ঝাড়গ্রামের জামবনী বিডিও অফিসের এক সহকারী ইঞ্জিনিয়রকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করেছিল দুর্নীতি দমন শাখা। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে একাধিক সরকারি পদাধিকারীকে গ্রেফতার করা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন ঝাড়গ্রাম থানার এক পুলিশ কনস্টেবল।







