মহিলাদের এক দিনের বিশ্বকাপ থেকে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের নাম কার্যত কেটে গেল। গত জুনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় উৎসব ঘিরে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টকাণ্ডের জেরেই এই সিদ্ধান্ত। নিরাপত্তা নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ কর্নাটক পুলিশ, ফলে ম্যাচ আয়োজনের ছাড়পত্রই পেল না কর্নাটক ক্রিকেট সংস্থা। এর ফলে বিশ্বকাপের সূচিতে বড়সড় পরিবর্তন আনতে বাধ্য হল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
সূচি অনুযায়ী, ভারত-শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা ছিল ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুর মাটিতে। কিন্তু নতুন সিদ্ধান্তে সেটি সেদিনই আয়োজিত হবে গুয়াহাটির মাঠে। শুধু তাই নয়, চিন্নাস্বামীতে হওয়ার কথা ছিল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ভারত-বাংলাদেশ লিগ ম্যাচ, একটি সেমিফাইনাল এবং পাকিস্তান বাদে ফাইনাল—সবই সরিয়ে নেওয়া হল। আইসিসির এই পদক্ষেপে স্পষ্ট যে পদপিষ্ট ঘটনার ছায়া থেকে মুক্ত হতে পারেনি বেঙ্গালুরু।
প্রশ্ন উঠছে, এবার কি বিরাট কোহলিদের হোম গ্রাউন্ডও হারাতে হবে? কারণ কর্নাটক পুলিশের কড়া অবস্থানের ফলে আইপিএলের পরবর্তী আসরে চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম ম্যাচ আয়োজনও ঝুলে গেল অনিশ্চয়তায়। একদিকে পদপিষ্টে নিহত ১১ জনের মৃত্যুর দায়, অন্যদিকে আহত ৭১ জনের অভিজ্ঞতা—সব মিলিয়ে প্রশাসনের কাছে নিরাপত্তাই এখন প্রধান অগ্রাধিকার।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত শুধু বেঙ্গালুরুর ক্রীড়াপ্রেমীদের জন্য আঘাত নয়, ভারতের ক্রিকেট অর্থনীতিতেও বড় ধাক্কা। বহু সমর্থক চিন্নাস্বামীতে বিশ্বকাপের রোমাঞ্চ দেখার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু এক মুহূর্তের তাড়াহুড়ো করে আয়োজিত বিজয় উৎসব আজ পুরো শহরকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিচ্ছিন্ন করে দিল। নিরাপত্তাহীনতার দায়ে ক্রীড়ার মঞ্চ হারাল বেঙ্গালুরু।







