বৃহস্পতিবার ২৩৪-তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার। এদিন বোর্ড মিটিংটি অনুষ্ঠিত হয় শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়, বোর্ডের ভাইস চেয়ারম্যান গৌতম পাল, ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পোদ্দার, বিধায়ক কোরাক হোসেন সাহেব সহ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বোর্ডের অন্যান্য সদস্যরা।
এদিন বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, প্রত্যেক বারের মতো এবারও পুজো উপলক্ষে একাধিক নয়া উদ্যোগ গ্রহণ করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।যার মধ্যে অন্যতম হল “লেডিস স্পেশাল বাস” চালু। তিনি বলেন পুজোর আগ থেকেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফে জলপাইগুড়ি থেকে তিনটি বিশেষ মহিলা স্পেশাল পাইলট বাস চালু করা হবে। যা কোচবিহার, ফালাকাটা ও আলিপুরদুয়ারে চলাচল করবে। মূলত এই বাসটি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত করা হবে। কন্ডাক্টর থেকে শুরু করে যাত্রী সবই মহিলা থাকবে। তবে এই মুহূর্তে চালক পুরুষই থাকতে চলেছে। কিন্তু আগামীতে মহিলা ড্রাইভার করার চিন্তা-ভাবনাও চলছে। মূলত এই বাসগুলি অফিস টাইমে চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এছাড়াও বেশ কিছু নতুন বাস চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। আগামী ১৮-ই সেপ্টেম্বর থেকে শুভ উদ্বোধন করা হবে বাসগুলি। যার মধ্যে তিনটি নতুন বাস শহর শিলিগুড়িও পেতে চলেছে। পাশাপাশি বেশ কিছু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ডিপো উন্নতিকরণ করা হবে বলে এদিন জানানো হয় এবং দুটি নতুন ডিপো বানানো হচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফে।
অন্যদিকে ইতিমধ্যেই সরকারের তরফে একাধিক জমি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। যা আগামী দিনে আরো ডিপো উন্নতিকরণ ও নতুন ডিপো তৈরি করতে সাহায্য করবে। এবং ইতিমধ্যেই পুজোর আগে বেশ কিছু রকেট বাস ও চালু করবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এছাড়াও এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান শিলিগুড়ির পানিট্যাংকিতে নতুন বাস ডিপো করার চিন্তা ভাবনা চলছে। যা নিয়ে আগামীকাল বিশেষ বৈঠক ও ডাকা হয়েছে। এবং পুজো চলাকালীন এবার শহর শিলিগুড়িতে সবুজের অভিযান করবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সে কথাও জানানো হয় এদিন।







