দুটি পোষ্যকে নিয়ে দেবীর পুজো মণ্ডপে গেছিলেন তরুণী। অভিযোগ তাকে ভর্ৎসিত করে পুজো কমিটির এক সদস্য। অপমান-অবসাদে আত্মঘাতী হলেন তরুণী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির ফটকগোড়া এলাকায়।
আত্মঘাতী যুবতী সুশ্রিকা দত্ত(২৩) ফটকগোড়া নন্দঘোষ লেনের বাসিন্দা। মৃত যুবতীর বাবা সুমন দত্ত জানিয়েছেন চন্দননগর ফটকগোড়ায় অনুষ্ঠিত হচ্ছিলো জগদ্ধাত্রী পুজো। ষষ্ঠীর দিন তাদের দুটি পোষ্য কুকুর নিয়ে পুজো মণ্ডপে গিয়েছিলেন তাঁর মেয়ে ও স্ত্রী। এক চারপেয়ে পোষ্যকে কোলে নিয়ে মণ্ডপে গিয়েছিলেন সুশ্রিকা। অভিযোগ সেখানে উপস্থিত এক প্রবীন সদস্য তাঁকে কুকুর নিয়ে মণ্ডপে ঢোকায় জন্যে ভর্ৎসনা করেন।
তারপর বাড়ি এসে সম্পূর্ণ ঘটনাটি ফেসবুকে লেখেন। তারপরে সমাজ মাধ্যমেই শুরু হয় বাদ প্রতিবাদ। ফটকগোড়া পুজো কমিটিও পালটা পোস্ট করে। পুজো কমিটির চাপে পোস্টটি ডিলিট করেন সুশ্রিকা। তারপর তিনি আরেকটি পোস্ট করে জানান সব মিটে গিয়েছে। সম্পূর্ণ ঘটনায় অবসাদগ্রস্ত হয়ে পরেন তরুণী।
শনিবার রাতে তরুণীকে বাড়িতে রেখে ঠাকুর যান তার বাবা মা। ঘরে ফিরে দেখেন সেই মর্মান্তিক দৃশ্য। গলায় ফাঁস দিয়ে ঝুলছে মেয়ে। তারপরেই পুলিশকে খবর দেন তাঁরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায় পুলিশ।
অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে চন্দননগর থানায়।
ফটকগোড়া পুজো কমিটির সম্পাদক বিপ্লব দাস ঘটনাটি সম্পর্কে বলেন, “খুবই মর্মাহত আমরা এই ঘটনায়। ওনার বাবা যে অভিযোগ করছেন সেটা হয়ত ঘটনার আকস্মিকতায়। পুজো এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত নয়। সেদিনকার ঘটনাটা খুব সামান্য। ষষ্ঠীর রাতে খুব ভিড় ছিল। অনেক দর্শনার্থী সরাসরি পুজো কমিটির দিকে আঙুল তুলেছিল। তখন অনুরোধ করা হয় কুকুর নিয়ে বেরিয়ে যান। ব্যক্তিগতভাবে সোশাল মিডিয়ায় কে কী পোস্ট করেছে সে বিষয়ে পুজো কমিটির কিছু জানে না। কেউ কিছু মন্তব্য করে থাকলে তার দায়িত্ব পুজো কমিটির নয়।”







