সন্তানকে স্কুলে দিতে গিয়ে বাড়ি ফেরা হলনা মায়ের। বাড়ি ফেরার পথের গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল পিয়ালী নাথের। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোনারপুরের কোদালিয়া শখের বাজার এলাকায়। মৃত পিয়ালী নাথ সোনারপুর থানার সুভাষগ্রামের নাথ পাড়ার বাসিন্দা। সোমবার সকালে সন্তানকে স্কুলে দিয়ে ফিরছিলেন তিনি। তিনি একটি দোকানে কাজ করেন, সেখানেই যাচ্ছিলেন তিনি। যাওয়ার পথেই জানকি নাথ বসু রোডে ঘটে সেই ভয়াবহ দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের জানান চারচাকা গাড়ি দ্রুত গতিতে আসছিল। সেই গাড়িটিই নিয়ন্ত্রন হারিয়ে পেছন দিক দিয়ে এসে ধাক্কা মারে মহিলার সাইকেলটিকে। সেই ধাক্কায় মহিলা সাইকেল থেকে পড়ে গেলে, তার ওপর দিয়েই গাড়ি চালিয়ে দেয় গাড়ির চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সোনারপুর থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের পুলিশ কর্মীরা। বেশ কিছুক্ষণ এই রাস্তা বন্ধ থাকার পর উদ্ধার করা হয় মৃতদেহ।
এলাকাবাসীর অভিযোগ রাস্তার উপর লাইট লাগানোর জন্য গেট বানানো হয়েছিলো। যার জন্য আরো সরু হয়ে গিয়েছিল রাস্তাটি। তার জন্যই ঘটে দুর্ঘটনা।







