খেলাধুলা

আইপিএল জয়ের রেশ কাটেনি, এর মধ্যেই বিরাট অভিযোগ কোহলির সতীর্থের বিরুদ্ধে

ক্রিকেট মাঠে তিনি এক সময় ছিলেন রোষের শিকার—রিঙ্কু সিংহের পাঁচ ছক্কার পর্বে নাম উঠেছিল যশ দয়ালের। সেখান থেকে ফিরে সদ্য বেঙ্গালুরুকে আইপিএল চ্যাম্পিয়ন করার দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই পেসার। কিন্তু এবার মাঠের বাইরের বিতর্কে জড়িয়ে ফের শিরোনামে তিনি। গাজিয়াবাদের এক তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ পাঁচ বছর ধরে তাঁর সঙ্গে সম্পর্ক রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন দয়াল। শুধু তাই নয়, আর্থিক প্রতারণার অভিযোগও এনেছেন তিনি।

ওই তরুণী অভিযোগ করেছেন, যশ দয়ালের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বহু বছর। সম্পর্কের শুরুতে বিশ্বাস অর্জনের জন্য দয়াল তাঁকে নিজের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং স্বামীসুলভ ব্যবহার করেন। কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। অভিযোগ, দয়াল একাধিকবার তরুণীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, তাঁকে মারধর করেছেন এবং মানসিকভাবে চাপে রেখেছেন। এমনকি তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন বলেও দাবি তরুণীর। চ্যাট, ভিডিয়ো কল, স্ক্রিনশট—সবই ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি।

১৪ জুন প্রথম মহিলা হেল্পলাইনে ফোন করে সাহায্য চেয়েছিলেন ওই তরুণী। কিন্তু সাড়া না পেয়ে শেষমেশ সরাসরি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতরে অনলাইনে অভিযোগ দায়ের করেন। মুখ্যমন্ত্রীর দফতর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে। গাজিয়াবাদের সার্কেল অফিসারকে ২১ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আইপিএলের সদ্য সমাপ্ত মরশুমে বেঙ্গালুরুর হয়ে ১৫ ম্যাচে ১৩টি উইকেট নিয়েছিলেন দয়াল। মাঠে ফিরলেও মাঠের বাইরের এই গুরুতর অভিযোগ তাঁর কেরিয়ারে বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। এখন দেখার, তদন্তে কী উঠে আসে এবং আইন কী রায় দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.