ভোটার তালিকা সংশোধন ঘিরে দেশজুড়ে চলছে চরম তরজা। এই পরিস্থিতিতেই সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ অবস্থান স্পষ্ট করল ভারতের নির্বাচন কমিশন। শীর্ষ আদালতকে কমিশন জানিয়ে দিল, ভোটার তালিকা শুদ্ধ করার প্রক্রিয়ার সঙ্গে নাগরিকত্ব নির্ধারণের কোনও সম্পর্ক নেই।
বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি চলছে প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে। শুনানিতে নির্বাচন কমিশনের পক্ষে সওয়াল করেন আইনজীবী রাকেশ দ্বিবেদী। তিনি স্পষ্ট দাবি করেন, ভোটার তালিকায় নাম বাদ হয়ে যাওয়া মানেই তিনি ভারতের নাগরিকত্ব হারালেন, এই ধরনের কোনও সিদ্ধান্তে পৌঁছনোর অধিকার নেই কমিশনের। ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেক ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা কমিশনের সাংবিধানিক দায়িত্ব হলেও, নাগরিকত্বের শংসাপত্র দেওয়া তাদের কাজ নয়।
শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী দেশের জটিল ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। ১৯৪৭ সালের দেশভাগ ও মুর্শিদাবাদের ভৌগোলিক পরিবর্তনের উদাহরণ টেনে তিনি নির্দেশ দিয়েছেন, এসআইআর প্রক্রিয়া চালাতে গেলে এই ঐতিহাসিক দিক ভালো ভাবে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি আদালত ইঙ্গিত দিয়েছে, শুধুমাত্র ভোটার তালিকায় নাম না থাকায় কোনও ব্যক্তি যেন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়। তারজন্য নজর রাখতে হবে। বিতর্ক পরেও ভোটার তালিকা সংশোধনের কাজ থেকে পিছিয়ে আসছে না নির্বাচন কমিশন। বুধবার ভারত মণ্ডপমে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, গণতন্ত্রের ভিত্তি মজবুত রাখতে ভোটার তালিকার নির্ভুলতা। বাংলা, তামিলনাড়ু অথবা দেশের যেকোনও রাজ্যেই বিতর্ক থাকা সত্ত্বেও নিয়ম মেনেই চলবে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া।







