ভারতীয় ঘরোয়া ক্রিকেটে নতুন সাফল্যের কাহিনি লিখলেন রজত পাটীদার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথমবার আইপিএল ট্রফি এনে দেওয়ার পর তিন মাসের মধ্যেই দলীপ ট্রফি জিতলেন মধ্যাঞ্চলের অধিনায়ক হিসাবে। দক্ষিণাঞ্চলকে ফাইনালে ৬ উইকেটে হারিয়ে আর একবার ট্রফি উঁচিয়ে ধরলেন তিনি। ধারাবাহিক এই সাফল্যে পাটীদার যেন ট্রফি জেতার সমার্থক হয়ে উঠছেন।
ফাইনালে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় মধ্যাঞ্চলের বোলিং। দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রানে গুটিয়ে যায়। সারাংশ জৈন নেন ৫ উইকেট, কুমার কার্তিকেয় ঝুলিতে পুরেন ৪ উইকেট। সেই ধাক্কা সামলাতে পারেনি দক্ষিণাঞ্চল। পাল্টা ব্যাট হাতে দাপট দেখায় মধ্যাঞ্চল। অধিনায়ক পাটীদারের সেঞ্চুরি আর যশ রাঠৌরের ১৯৪ রানে ভর করে দল তোলে ৫১১। ফলে বিশাল ৩৬২ রানের লিড পায় তারা।
যদিও দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াই করেছিল দক্ষিণাঞ্চল। আন্দ্রে সিদ্ধার্থের ৮৪ ও অঙ্কিত শর্মার ৯৯ রান তাদের লড়াইয়ে ফেরায়। কিন্তু বড় টার্গেট গড়ার মতো ভিত্তি তৈরি হয়নি। ৪২৬ রানে শেষ হয় তাদের ইনিংস। ফলে শেষ দিনে মাত্র ৬৫ রান দরকার ছিল মধ্যাঞ্চলের। ছোট টার্গেট তাড়া করতে গিয়ে কিছুটা ধাক্কা খেলেও শেষ পর্যন্ত জয়ের হাসি ফুটল পাটীদারদের মুখে।
টানা দুটি বড় টুর্নামেন্টে ট্রফি জয় তাঁর ক্রিকেটীয় নেতৃত্বের প্রমাণ দিচ্ছে। পাটীদার ম্যাচশেষে বলেন, ‘‘সব অধিনায়কেরই স্বপ্ন ট্রফি জেতা। আমি সৌভাগ্যবান যে ভালো দল পেয়েছি। জয় পুরো দলের। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’’ তাঁর এই জয়রথ শুধু মধ্যাঞ্চলের নয়, বরং ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্যও আশার আলো হয়ে উঠছে।







