২০২০ সালে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় ফের গ্রেফতারি। প্রায় ছ’বছর আগের সেই মামলায় এবার গ্রেফতার হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল নেতা ইমরান হাসান। বুধবার সন্ধ্যায় দেউলা স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে উস্তি থানার পুলিশ। একসময় মগরাহাট পশ্চিমের তৃণমূল যুব সভাপতি ছিলেন ইমরান। বৃহস্পতিবার তাঁকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করার কথা।
২০২০ সালের ১০ ডিসেম্বর বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে সভা করতে যাচ্ছিলেন জে পি নাড্ডা। অভিযোগ, সেই সময় তাঁর কনভয় লক্ষ্য করে একাধিক জায়গায় হামলা চালানো হয়। শিরাকোল মোড়, ফলতা-সহ বিভিন্ন এলাকায় গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি ও লাঠি ছোড়ার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বিজেপি নেতাদের গাড়ি। তৎকালীন বিজেপি নেতা দিলীপ ঘোষের গাড়ির কাচ ভেঙে যায়। ইটের আঘাতে আহত হন কৈলাস বিজয়বর্গীয়ও।
এই ঘটনায় নতুন করে তদন্ত শুরু হওয়ার পর একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দুটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছিল। এর আগে ফলতার পরাজিত তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের নামও এই মামলায় যুক্ত করে তাঁকে গ্রেফতার দেখানো হয়।
এবার সেই মামলাতেই গ্রেফতার হলেন ইমরান হাসান। সব মিলিয়ে নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। যদিও এই হামলার নেপথ্যে আর কারা জড়িত ছিলেন, তা এখনও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পুরনো এই হামলাকাণ্ডের তদন্তে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। ছ’বছর আগের ঘটনায় আরও কোনও রাজনৈতিক নেতা বা ব্যক্তির যোগ রয়েছে কি না, এখন সেদিকেই নজর তদন্তকারী পুলিশের।







