কলকাতা

ভাইরাল রাজুদার পকেট পরোটার দোকানেও হানা! শিয়ালদহে সিঙারা-ঘুগনির গুণমান পরীক্ষা পুরসভার

সকালের ব্যস্ততা শুরু হতেই শিয়ালদহ চত্বরে হাজির কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা। নজর এড়াল না সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় রাজুদার পকেট পরোটার দোকানও। পাশাপাশি ফুটপাথ ও ফ্লাইওভারের নীচে থাকা একাধিক খাবারের দোকানে অভিযান চালিয়ে পরীক্ষা করা হল খাবারের গুণমান।

কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের ফুড সেফটি উইং-এর আধিকারিকরা শনিবার সকালে শিয়ালদহ স্টেশন সংলগ্ন বিভিন্ন খাবারের দোকানে পৌঁছন। খাবার তৈরিতে ব্যবহৃত মশলা, রং এবং অন্যান্য উপকরণের গুণগত মান খতিয়ে দেখা হয়। সংগ্রহ করা হয় বিভিন্ন খাবারের নমুনাও।

বিশেষ করে গরম সিঙারা, ঘুগনি এবং তৈরি করা খাবারের গুণমান পরীক্ষা করেন আধিকারিকরা। যেসব খাবারের মান নিয়ে সন্দেহ তৈরি হয়, সেগুলি ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মশলার নমুনাও পরীক্ষা করা হয়। দোকানদারদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সেফটি ক্যাপ পরে খাবার তৈরি ও বিক্রির পরামর্শ দেওয়া হয়।

অভিযানের তালিকা থেকে বাদ যায়নি শিয়ালদহের পরিচিত রাজুদার পকেট পরোটার দোকানও। সেখানে খাবারের গুণমান পরীক্ষা করা হয়। এই অভিযানকে স্বাগত জানিয়েছেন রাজুদা। তাঁর কথায়, শিয়ালদহে প্রতিদিন বহু মানুষ খেতে আসেন। তাঁদের মধ্যে হাসপাতালের রোগী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষও রয়েছেন। তাই নিয়মিত এই ধরনের অভিযান হওয়া প্রয়োজন। এতে খাবারের দোকানগুলিও আরও সচেতন হবে।

উল্লেখ্য, এর আগেও দুর্গাপুজোর আগে কলকাতার বিভিন্ন রেস্তোরাঁ ও খাবারের দোকানে অভিযান চালিয়েছিল খাদ্য সুরক্ষা বিভাগ। কোথাও লাইসেন্স সাসপেন্ড, কোথাও আবার সাময়িকভাবে দোকান বন্ধের মতো পদক্ষেপ করা হয়েছিল।

সাধারণ মানুষের পাতে নিরাপদ খাবার পৌঁছে দিতেই এই তৎপরতা বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। এবার শিয়ালদহের মতো ব্যস্ত এলাকায় এই অভিযান ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.