খেলাধুলা

ডুরান্ডে অন্য চিত্র, সবুজ মেরুন গ্যালারিতে জ্বলে উঠল বাংলা ভাষা রক্ষার মশাল

যুবভারতীর সবুজ-মেরুন গ্যালারি শনিবার যেন ফুটবল মাঠ নয়, হয়ে উঠেছিল প্রতিবাদের মঞ্চ। বাংলা ভাষার ‘অবমাননা’র অভিযোগে তিন দিন আগে ইস্টবেঙ্গল সমর্থকেরা যে সুর তুলেছিলেন, সেই সুরেই এবার সরব হল মোহনবাগান ভক্তরা। ডুরান্ড কাপে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে ম্যাচে খেলার উত্তেজনার পাশাপাশি সমান জোরে বইল ভাষা রক্ষার আবেগ। গ্যালারিতে উড়ল অন্তত পাঁচটি প্রতিবাদী ব্যানার, ঝরে পড়ল রবীন্দ্রনাথের কবিতার লাইন ও বাংলার গৌরবগাথা।

ম্যাচ শুরুর আগে থেকেই গ্যালারিতে প্রতিধ্বনিত হচ্ছিল প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে “আমি বাংলায় গান গাই।” ব্যানারে লেখা—“শহিদের রক্ত, কবির নোবেল। ভারতের মুকুটে বাংলা জুয়েল।” সমর্থকেরা জানিয়ে দিলেন, স্বাধীনতা সংগ্রামে শহিদ বাঙালির আত্মত্যাগ ও রবীন্দ্রনাথের বিশ্বস্বীকৃতি আজও বাংলার মর্যাদার প্রতীক। রাজনৈতিক ভেদাভেদ পেরিয়ে ভাষা ও সংস্কৃতির সম্মান রক্ষায় তাঁরা এক কাতারে।

দ্বিতীয় ব্যানারে ছিল স্পষ্ট ঘোষণা—“জন গণ মন বন্দেমাতরম, বাংলা ভাষা মায়ের সমান।” অন্য এক ব্যানারে গর্বের সঙ্গে লেখা, “বাংলা আমার মায়ের ভাষা, আমার ধাত্রীভূমি। আমরা মোহনবাগানী।” ভাষা ও জাতপাতের প্রশ্নে একাত্মতার বার্তা দিয়ে ব্যানারে আরও লেখা, “দেশটা কারও বাপের নয়, নয়কো জাতের খেলা। এই বাঙালিই ঘুচিয়েছিল পরাধীনতার জ্বালা।”

ঠিক এক বছর আগে আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকেরা একসঙ্গে পথে নেমেছিলেন। এদিন সেই ঐক্যের পুনরাবৃত্তি ঘটল ভিন্ন প্রেক্ষাপটে। ফুটবল মাঠের গ্যালারি আবারও হয়ে উঠল বাঙালির আবেগ, প্রতিবাদ ও গর্বের কেন্দ্রবিন্দু, যেখানে দুই প্রধানের রঙ মিলেমিশে গেল বাংলা ভাষার মর্যাদা রক্ষার পতাকাতলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.