পুণের ব্যবসায়ী কেতন অগ্রবাল হত্যাকাণ্ডের তদন্তে সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। পুলিশি জেরায় অভিযুক্ত সিয়া গোয়াল ও তাঁর প্রেমিক চেতন চৌধরী একে অপরের বিরুদ্ধে দোষ চাপানোর চেষ্টা করলেও, তদন্তকারীদের দাবি— দু’জনের বয়ানেই একাধিক অসঙ্গতি ধরা পড়েছে।
তদন্ত সূত্রে জানা গিয়েছে, কেতনকে হত্যার পরিকল্পনা প্রথম দু’বার ব্যর্থ হওয়ার পর চেতন নাকি সিয়াকে কড়া ভাষায় বলেন, “তোমার দ্বারা হবে না, কাজটা আমাকেই করতে হবে।” পুলিশের দাবি, সেই ঘটনার পর থেকেই খুনের পরিকল্পনা আরও সুসংগঠিতভাবে এগোতে থাকে।
জেরায় চেতন দাবি করেছেন, তিনি সিয়াকে নিয়ে নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন এবং পালিয়ে যাওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু পরিবারের সম্মান ও প্রভাবশালী অবস্থানের কথা উল্লেখ করে সিয়া নাকি সেই প্রস্তাবে রাজি হননি। চেতনের বক্তব্য, এরপরই কেতনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা ওঠে।
অন্যদিকে, সিয়ার দাবি সম্পূর্ণ ভিন্ন। তাঁর বক্তব্য, কেতনকে হত্যার পরিকল্পনা প্রথম চেতনের মাথাতেই আসে। ১৪ জুন পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর চেতন ভেঙে পড়েছিলেন এবং তখনই রাগের মাথায় তাঁকে বলেন, “তোমার দ্বারা হবে না, আমাকেই করতে হবে।”
পুলিশের দাবি, মুখোমুখি জেরায় দু’জনেই একে অপরকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তবে তদন্তকারীদের মতে, বিভ্রান্তি তৈরি করতেই তাঁরা বারবার ভিন্ন ভিন্ন বয়ান দিচ্ছেন। একই সঙ্গে তদন্তে উঠে এসেছে, কেতনকে হত্যার পরও সিয়া ও চেতনের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল।
তদন্তকারী কর্মকর্তাদের পর্যবেক্ষণ, জেরার সময় দুই অভিযুক্তের মধ্যেই অনুশোচনার কোনও স্পষ্ট লক্ষণ দেখা যায়নি। এই বহুল আলোচিত মামলায় আরও তথ্য সংগ্রহ করে ঘটনার পূর্ণ চিত্র সামনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।







