পুনর্গঠনের মোড়কে বড় বার্তা দিল ইস্টবেঙ্গল। আইএসএলে ধারাবাহিক ব্যর্থতার জেরে শেষমেশ বিদেশি শিবিরে কাঁচি চালাল লাল-হলুদ শিবির। একের পর এক মরসুমে ভরসা না জোগানো বিদেশি ফুটবলারদের ছেড়ে দিয়ে নতুন ভিত্তি গড়ার পথেই হাঁটছে দল। কোচ বদল, খেলোয়াড় বদল—সবই একটাই উদ্দেশ্যে, আগামী মরসুমে প্লে-অফের দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা।
বৃহস্পতিবার ক্লাবের তরফে ঘোষিত হয়, তিন বিদেশি—হেক্টর ইয়ুস্তে, রিচার্ড সেলিস ও রাফায়েল মেসি বৌলিকে ছেড়ে দেওয়া হয়েছে। গত মরসুমে হতাশাজনক পারফরম্যান্সই তাঁদের ছেঁটে ফেলার অন্যতম কারণ। হেক্টরকে মোহনবাগান থেকে আনার পর আশানুরূপ কিছুই পাননি সমর্থকরা। আর চোট-আঘাতে জর্জরিত অবস্থায় সেলিস ও মেসিকে নেওয়া হলেও তাঁদের পারফরম্যান্সে তেমন ধার দেখা যায়নি।
এর আগেই ক্লেটন সিলভাকেও বিদায় জানিয়েছে ক্লাব। ফলে এখন স্কোয়াডে রয়েছেন মাত্র তিন বিদেশি—মাদিহ তালাল, দিমিত্রিয়স দিয়ামানতাকোস এবং সাউল ক্রেসপো। তালালের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি থাকায় চোট সারিয়ে ফিরবেন তিনি। তবে নতুন মরসুম শুরুর আগে আরও তিন বিদেশি নেওয়া কার্যত নিশ্চিত।
প্রসঙ্গত, গত মরসুমের মাঝপথে কোচ কার্লেস কুয়াদ্রাতকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল অস্কার ব্রুজ়োকে। তিনি দলকে খানিকটা গুছিয়ে নিলেও প্লে-অফের টিকিট জোগাড় করতে পারেননি। তবু তাঁকেই রেখে পরিকল্পনা সাজাচ্ছে ইস্টবেঙ্গল। এবার দেখার, ‘ঝাঁপটা’ দিয়ে নতুন দিশা খুঁজে পায় কি না শতবর্ষের ক্লাব।






