পূর্ব মেদিনীপুরের এগরা ২ নম্বর ব্লকের খুরুটিয়া এলাকায় ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত ফ্লেক্স রাতের অন্ধকারে ছিঁড়ে দিয়েছে একদল দুর্বৃত্ত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের অনুদান প্রাপ্ত খুরুটিয়া দুর্গোৎসব কমিটির উদ্যোগে প্রতিবছরের মতো এবছরও জাঁকজমক সহকারে শারদোৎসবের আয়োজন করা হয়। সেই উপলক্ষে পূজা মণ্ডপ ও আশেপাশের এলাকায় মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত ফ্লেক্স ও ব্যানার টাঙানো হয়েছিল। কিন্তু মঙ্গলবার গভীর রাতে কে বা কারা পরিকল্পিতভাবে ওই ফ্লেক্স ছিঁড়ে দেয় বলে অভিযোগ।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পূজা কমিটির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে— “এটি ইচ্ছাকৃতভাবে শান্তিপূর্ণ উৎসবের পরিবেশ নষ্ট করার চেষ্টা।” স্থানীয় বাসিন্দারাও ঘটনাকে “নিন্দনীয়” বলে মন্তব্য করেছেন।
পূজা কমিটির তরফে বিষয়টি লিখিতভাবে প্রশাসনের কাছে জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
দুর্গোৎসবের আবহে এমন ঘটনা সামনে আসায় স্থানীয় মহলে প্রবল চাঞ্চল্য ও ক্ষোভের সঞ্চার হয়েছে।







