ভারতের জাতীয় স্তরে নারীদের ফুটবল লিগে শিরোপা আরও কাছে লাল-হলুদ বিগ্রেড। কল্যাণী স্টেডিয়ামে সোমবার ইন্ডিয়ান উইমেন্স লিগ (আইডব্লিউএল) ২০২৪-২৫ মরশুমে হপস এফসিকে ৬-১ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে লিগ শিরোপা থেকে মাত্র দুটি জয় দূরে দাঁড়িয়ে লাল-হলুদ শিবির।
প্রথমার্ধেই ইস্টবেঙ্গল ম্যাচের রাশ ধরে নেয়। মাত্র ৩ মিনিটে সৌম্যা গুগুলোতের গোল ম্যাচের পথ দেখিয়ে দেয়। এরপর ৭ মিনিটে সন্দিয়া রঙ্গনাথন এবং ১১ মিনিটে মৌরিন আচিয়েং ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে কার্তিকা আঙ্গামুথু (৫৪’), রেস্টি নানজিরি (৯০+২’) এবং এলশাদাই আচিয়াম্পং (৯০+৩’) তিনটি অতিরিক্ত গোল করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন। হপসের একমাত্র গোলটি আসে গ্ল্যাডিস আমফোবিয়ার (৫৯’) পা থেকে।
এই জয়ে ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে অবস্থান করছে ইস্টবেঙ্গল। অন্যদিকে, হপস এফসি মাত্র ৫ পয়েন্ট নিয়ে অবনমনের দিকে চলে গেছে।
মৌসুমি মুর্মুর নায়কোচিত পারফরম্যান্সে জিতল শ্রীভূমি
বিভূতিভূষণ স্টেডিয়ামে নীতা এফএ-কে ৪-২ গোলে হারিয়ে তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল শ্রীভূমি এফসি। দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন মৌসুমি মুর্মু, যিনি ৩৩’ এবং ৪৫+২’ মিনিটে দুটি গোল করেন। এছাড়া সান্দ্রা আতিঙ্গা (৪২’) এবং বালা দেবী (৫২’) একটি করে গোল যোগ করেন।
নীতা এফএ-র হয়ে মানিশা নাইক (৩৪’) ও জুলি কিশান (৫৮’) গোল করলেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেননি। এই জয়ের ফলে শ্রীভূমি ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এলো, আর ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নীতা এফএ।







