রাজনীতি

দিল্লিতে কংগ্রেসের দলীয় বৈঠকের পর রাজ্যে সিপিএমের জোটের সম্ভবনায় পরলো ইতি

বাংলার বিধানসভা ভোটে এবার একক লড়াইয়ের পথেই হাঁটতে চলেছে কংগ্রেস। সিপিএমের সঙ্গে কোনও জোটে না যাওয়ার সিদ্ধান্তই চূড়ান্ত করল দল। বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রদেশ নেতৃত্বের মধ্যে দীর্ঘ বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিল্লির ওই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও এআইসিসি’র সাধারণ সম্পাদক তথা বাংলার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীর স্পষ্ট জানিয়েছেন,আগামী বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে কংগ্রেস একাই লড়বে, সিপিএমের সঙ্গে কোনও আসন সমঝোতা হবে না। এই সিদ্ধান্তের নেপথ্যে দীর্ঘদিনের টানাপোড়েন ছিল বলেই মত রাজনৈতিক মহলের। সম্প্রতি জোট প্রসঙ্গ নিয়ে প্রকাশ্যেই বাকযুদ্ধ জড়িয়েছিলেন সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব।

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রশ্ন তুলেছিলেন, কেন কংগ্রেস এত দেরিতে জোটের বিষয়ে অবস্থান স্পষ্ট করছে। তার জবাবে কংগ্রেস নেতৃত্ব পালটা জানিয়েছিলেন, তারা অন্য দলের চাপের কাছে নতিস্বীকার করবে না। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হবে দলীয় নিয়ম মেনে। এমনকি কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখযোগ্য ভাবে, লোকসভা ভোটের পর অধীর চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করার পর থেকেই একক লড়াইয়ের ইঙ্গিত দিল। শুভঙ্কর বারবার বলেছেন, রাজ্যে কংগ্রেসকে নিজের শক্তিতে দাঁড় করাতে হবে। কেন্দ্রীয় নেতৃত্বের মনোভাবও যে সিপিএমের সঙ্গে জোটের পক্ষে নয়, তা শোনা গেল আহমেদ মীরের বক্তব্যে।

রাজনৈতিক মহলে গুলাম আহমেদ মীর জোট রাজনীতির অভিজ্ঞ কৌশলী হিসেবে পরিচিত। জম্মু-কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট কিংবা ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে সফল সমঝোতা ২টো ক্ষেত্রেই তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সেই অভিজ্ঞ নেতা যখন বাংলায় জোটের দরজা বন্ধ করলেন, তখন তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.