পরীক্ষা হলে তৃণমূল ছাত্র নেতাকে পরীক্ষা দেওয়ার সময় টুকলি করতে বাধা দেওয়ার জন্য এবার হুমকির মুখে পরতে হল অধ্যাপককে। মালদহের হরিশ্চন্দ্রপুরের এক কলেজে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
এর আগে বহুবার ছাত্রনেতার বিরুদ্ধে শ্মশানের মাটি বিক্রি, জুয়ার ঠেক চালানো, পুলিশকে হেনস্থার মতো অভিযোগ উঠেছে। তবুও পদে বহাল রয়েছে এই ছাত্রনেতা। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের পিপলা কলেজে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা চলছিল। এদিন ওই কলেজের পরীক্ষার সময় এক তৃণমূলের ছাত্র নেতাকে বেঞ্চের লেখা থেকে টুকলি করতে দেখেছিলেন কর্তব্যগত অধ্যাপক। তাই নিয়ম অনুযায়ী তিনি ছাত্রের খাতা নিয়ে ১০ মিনিট আটকে রাখেন।
তারপরেই পরের দিন বিকেলবেলা ৭-৮ জন অনুগামীকে নিয়ে কলেজে হাজির হন বিমান ঝা। অধ্যক্ষ ডঃ সুমিত নন্দীর ঘরে ঢুকে শুরু হয় চিৎকার-চেঁচামেচি। অধ্যক্ষ বিষয়টি বোঝানোর চেষ্টা করলেও কোনও কথা শুনতে রাজি হননি ওই ছাত্রনেতা। বরং, অধ্যক্ষকে হুমকি দিয়ে কলেজ ছেড়ে চলে যান তিনি।
এ ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক পরিস্থিতি তৈরি হয়েছে কলেজে। এমনকি কলেজ অধ্যক্ষের বাড়ি দূরে থাকায় তাকে এই এলাকায় থাকতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে। যার ফলে প্রকাশ্যে এই ধরনের হুমকি শুনে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পাশাপাশি তৃণমূল ছাত্র রাজনীতির নামে গুন্ডা তৈরি করছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের।







