অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনয়ের পাশাপাশি ভীষণ ঠোঁটকাটা এবং যুক্তিবাদী স্বভাবের জন্য ইন্ডাস্ট্রিতে পরিচিত। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে খোলা চিঠি দিয়ে লিখলেন তিনি আর কখনও ছবির প্রিমিয়ারে যাবেন না, সে নিজের ছবিই হোক বা অন্য তারকাদের। তাঁর মতে, ছবির প্রিমিয়ার নিয়ে একসময় টলিপাড়ায় ছিল উৎসবের আমেজ। পুরো ইউনিটের উপস্থিতিতে হতো এক আনন্দঘন পরিবেশ। কিন্তু এখন প্রিমিয়ার মানেই তারকাদের উপস্থিতি, ঝলমলে ক্যামেরার ফ্ল্যাশ আর দেখনদারি। আর তাতেই খুশি নন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
নিজের নতুন ছবি দুর্গাপুর জংশন এর প্রিমিয়ারে গিয়ে একরাশ বিরক্তি নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, “আমি এখন থেকে আর কোনও ছবির প্রিমিয়ারে যাব না। নিজের ছবিরও না, পরের ছবিরও না। সিনেমা দেখা না দেখার সিদ্ধান্ত দর্শক নেন ট্রেলার, টিজার, পোস্টার দেখে, প্রিমিয়ারের চমক দেখে নয়। আর বর্তমানে যে প্রিমিয়ার আয়োজন হয়, তা কেবলমাত্র চমকদার তারকাদের উপস্থিতির উপর নির্ভর করে।
যার যত বেশি ফলোয়ার, সে তত তাড়াতাড়ি প্রিমিয়ারে যাওয়ার সুযোগ পাবে।” স্বস্তিকার আসল ক্ষোভ ছবির পিছনে কাজ করা মানুষদের প্রতি অবহেলা নিয়ে। তিনি লিখেছেন,” অর্ধেক সময়েই ক্রিউ মেম্বারদের ডাকা হয় না। হয়তো HOD-রা আমন্ত্রণ পান, কিন্তু যাঁরা শ্যুটিংয়ের সময় দিনরাত এক করে কাজ করেন, তাঁদের ডাকা হয় না।” নিজের বাবার সময়কার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান,” তখন সবাইকেই ডাকা হত। কাস্ট, ক্রিউ থেকে জামাকাপড় ইস্তিরি করা মানুষটিও প্রিমিয়ারের অংশ হতেন।”
এই প্রজন্মের প্রিমিয়ারে আর কোনও আবেগ নেই বলেই মনে করছেন তিনি। পাশাপাশি, পাপারাজ্জিদের নিয়েও তার বিস্তর অভিযোগ। আজকাল সবার হাতে মোবাইল, আর কে মিডিয়া, কে ব্লগার বোঝার উপায় নেই। ট্রেলার লঞ্চের দিন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল, এমন ঘটনাও শেয়ার করেছেন স্বস্তিকা। শেষে লিখেছেন,”এক রাশ বিরক্তি নিয়ে বাড়ি ফেরার চেয়ে পরে নাহয় টিকিট কেটে দেখে নেব। এমনিও অন্যদের সিনেমা টিকিট কেটেই দেখি, এবার থেকে নিজেরটাও তাই করব। সকলের কাছে আমার অনুরোধ কেউ আমায় প্রিমিয়ারে যাওয়ার জন্য বলবেন না। মুখের ওপর না বলতে হলে আমার কষ্ট হবে।” স্বস্তিকার এই খোলা চিঠি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। তার বক্তব্যে অনেকেই সহমত পোষণ করেছেন।







