দেশ

হিমাচলে প্রকৃতির তাণ্ডব: ধ্বংসস্তূপে জনজীবন, আতঙ্কের মধ্যে কাটছে দিনরাত

হিমাচল প্রদেশ যেন এখন এক বিশাল ধ্বংসস্তূপ! প্রবল বর্ষণে একের পর এক মেঘভাঙা বৃষ্টিতে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল কার্যত বিপর্যস্ত। বিশেষ করে মন্ডী জেলার করসোগ এলাকায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে চারবার মেঘভাঙা বৃষ্টি — যা হড়পা বানে রূপ নিয়ে বসতি ভাসিয়ে নিয়ে যায়। চোখের সামনে ভেসে গেছে ঘরবাড়ি, গাড়ি — নিখোঁজ বহু মানুষ। আতঙ্কিত বাসিন্দারা প্রাণ হাতে নিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে।

এই প্রাকৃতিক তাণ্ডব থেকে রেহাই পায়নি জলবিদ্যুৎ কেন্দ্রও। বিপর্যস্ত পটিকারী জলবিদ্যুৎ প্রকল্প, বাধ্য হয়ে খুলে দেওয়া হয় পন্ডোহ বাঁধের গেট। বিপাশা নদী বইছে বিপদসীমার অনেক উপরে। কিরতপুর-মনালী জাতীয় সড়কে ধসের জেরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। একাধিক জায়গায় রেড অ্যালার্ট জারি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস আরও আশঙ্কার বার্তা দিচ্ছে— অন্তত ৬ জুলাই পর্যন্ত চম্বা, কাংড়া, কুল্লু, মন্ডী, শিমলা সহ একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। ইতিমধ্যেই ১৩০টি জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, বন্ধ রয়েছে বহু স্কুল-কলেজ।

২০ জুন থেকে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৩ জন। জুনে যেখানে গড়ে ১০১ মিমি বৃষ্টি হয়, এবার তা বেড়ে হয়েছে ১৩৫ মিমি— ৩৭ শতাংশ বেশি।

এই ভয়াবহ পরিস্থিতিতে হিমাচলের জনজীবন আজ থমকে। রাজ্যজুড়ে আতঙ্ক আর অনিশ্চয়তা, আর প্রকৃতির এই অদমনীয় রূপ বারবার মনে করিয়ে দিচ্ছে— মানুষ প্রকৃতির কাছে কতটাই না অসহায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.