কলকাতায় ফের দুষ্কৃতী কর্মীকান্ড। কলকাতা থেকে দুই দুষ্কৃতীকে আটক করল ভারতীয় নৌ-বাহিনী। গঙ্গায় নজরদারি চালানোর সময় দুই সন্দেহভাজন ব্যক্তি ভারতীয় নৌ-বাহিনীর জওয়ানদের নজরে আসে। নৌ বাহিনীর তথ্য অনুযায়ী দুষ্কৃতীদের রেললাইনে বোমা বসানোর পরিকল্পনা ছিল।
যদিও চিন্তার কিছুই নেই বলে জানিয়েছেন নৌবাহিনীর আধিকারিকরা। গোটা বিষয়টি ভারতীয় নৌ-বাহিনীর মহড়া ‘সি ভিজিল – ২০২৪’- এর একটি অংশ। ‘রেড ফোর্স পার্সোনেল’ সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিরোধী বাহিনী হিসেবে কাজ করে, শত্রু বাহিনীর কৌশল ও সক্ষমতাগুলি অনুকরণ করে, যাতে মূল ‘ব্লু ফোর্স’ অংশগ্রহণকারীদের দক্ষতা পরীক্ষা করা যায়। জানা গিয়েছে দেশজুড়ে ২০ এবং ২১ নভেম্বর হওয়ার কথা ছিল এই বিশেষ মহড়ার। দুই দুষ্কৃতী আটক এই মহড়ারই অংশ।
প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে এই মহড়া শুরু করেছিল ভারতীয় নৌবাহিনী। এবার তা চতুর্থ বছরে পা দিল। ভারতীয় জলপথকে আরও দুর্গম করে তোলার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। সমুদ্র উপকূলবর্তী এলাকা এমনকি ভারতীয় সমুদ্রসীমার দূরবর্তী স্থানেও নিরাপত্তা বলয় তৈরির চেষ্টা করছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক।







