এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারতীয় ফুটবল দল। মলদ্বীপের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে ছিটকে গেলেন ব্রেন্ডন ফার্নান্দেস। তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছেন উদান্তা সিংহ, যিনি ইতিমধ্যেই শিলংয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
ভারতীয় ফুটবলে চোট সমস্যা নতুন কিছু নয়, তবে একসঙ্গে এতজন খেলোয়াড়ের ছিটকে যাওয়া কোচ মানোলো মার্কেজ়কে যথেষ্ট ভাবাচ্ছে। মলদ্বীপ ম্যাচের আগেই দল থেকে বাদ পড়েন মনবীর সিংহ এবং লালিয়ানজুয়ালা ছাংতে। এরপরই চোট পেলেন ব্রেন্ডন। তাঁর অনুপস্থিতি উইং থেকে দলের আক্রমণের ধার কিছুটা কমিয়ে দিতে পারে, তবে উদান্তার অন্তর্ভুক্তি কিছুটা ভারসাম্য ফিরিয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে, মলদ্বীপের বিরুদ্ধে ম্যাচে ভারতের গোলপোস্ট সামলেছেন বিশাল কাইথ। জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তন ঐতিহাসিক, কারণ সাত বছর বা ২৩৭৭ দিন পর তিনি দেশের হয়ে খেললেন। মোহনবাগানের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে দলে ডাক পেয়েছিলেন তিনি। জাতীয় দলের জার্সি পরে ফের খেলার সুযোগ পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত বিশাল।
তিনি বলেছেন, “গোলরক্ষক হিসেবে সুযোগ পাওয়া কঠিন। তবে কঠোর পরিশ্রম করলে একদিন ঠিকই সুযোগ আসে। মাঠের বাইরে বসে থাকাটা কঠিন, কিন্তু আমি জানতাম, নিজের সেরাটা দিলে ফিরতে পারব।”
বাংলাদেশ ম্যাচে ভারতের সামনে কঠিন পরীক্ষা। উদান্তা কি ব্রেন্ডনের অভাব পূরণ করতে পারবেন? বিশালের দুর্দান্ত প্রত্যাবর্তন কি দলের রক্ষণকে আরও মজবুত করবে? উত্তর মিলবে মাঠেই।







