রাজ্য

কর্মহীনদের পাশে রাজ্য, গ্রুপ সি,ডি ২৫ হাজার, ২০ হাজার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

চাকরি হারানোর কঠিন সময়ে রাজ্যের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করেছেন, এই কর্মীদের আপৎকালীন আর্থিক সহায়তা দেওয়া হবে। শ্রম দফতরের অধীনে একটি নতুন প্রকল্প আনা হয়েছে, যার মাধ্যমে এই অনুদান পৌঁছে দেওয়া হবে ক্ষতিগ্রস্তদের কাছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চাকরি হারানো গ্রুপ সি কর্মীরা প্রতি মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীরা ২০ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন। যতদিন আদালতে মামলা চলবে, ততদিন পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে। আগামী ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং মন্ত্রিসভার অনুমোদন মেলায় এপ্রিল মাসের অর্থ শীঘ্রই কর্মীরা হাতে পাবেন বলে আশা করা যাচ্ছে।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, যাতে এই বিষয় নিয়ে কোনও জনস্বার্থ মামলা না হয়, তার জন্য রাজ্য সরকার সবরকম প্রস্তুতি নিয়েছে। তিনি সমালোচকদের উদ্দেশ্যে বলেন, “এখানে কিছু লোক আছে কথায় কথায় পিল খায় আর কিল মারে। চাকরি দেওয়ার মুরোদ নেই কিল মারার গোঁসাই!”
শ্রম দফতরের এই নতুন প্রকল্পের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘ওয়েস্টবেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম’। এই প্রকল্পের মাধ্যমেই কর্মহীন হওয়া গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা আর্থিক অনুদান লাভ করবেন।
উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া ২৬ হাজার কর্মীর চাকরি সুপ্রিম কোর্ট বাতিল করেছে। আদালতের নির্দেশে শিক্ষকেরা পুনর্বিবেচনার মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্কুলে যেতে পারলেও, শিক্ষাকর্মীদের জন্য সেই সুযোগ ছিল না। সেই কারণেই রাজ্য সরকার এই বিকল্প পথে হেঁটে তাঁদের আর্থিক সুরক্ষার ব্যবস্থা করল। আগেই এই ঘোষণা করা হয়েছিল এবং অবশেষে বুধবার মন্ত্রিসভার সিলমোহরের মাধ্যমে তা বাস্তবায়নের পথে একধাপ এগোল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.