কাঁকসা থানার অন্তর্গত বাঁশকোপা টোল প্লাজায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে উঠল দাদাগিরির অভিযোগ। নাম উঠে এসেছে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পান্না ঘোষের। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনা চরমে টোল প্লাজা সংলগ্ন এলাকায়।
সূত্রের খবর, সম্প্রতি টোল প্লাজায় তৃণমূল শ্রমিক ইউনিয়নের কোর কমিটি গঠনের পর থেকেই অন্তর্দ্বন্দ্ব মাথাচাড়া দেয়। অভিযোগ, কিছু বহিরাগত কর্মী সংগঠনের কাজে হস্তক্ষেপ করছেন। এই বিষয়ে আপত্তি জানান টোল প্লাজার কর্মী এবং তৃণমূল ঘনিষ্ঠ কৌশিক সরকার।
অভিযোগ, বুধবার রাতে পঞ্চায়েত সদস্য পান্না ঘোষ টোল প্লাজায় এসে কৌশিক সরকারের সঙ্গে বচসায় জড়ান। পরদিন সকালে কৌশিক ডিউটিতে এলে তাঁকে প্রকাশ্যেই হেনস্থা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি। পান্না ঘোষ ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠে হেনস্থার অভিযোগ। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।
ঘটনার পর রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ পান্না ঘোষ। তিনি জানিয়েছেন, “দলীয় নেতৃত্ব মন্ত্রী প্রদীপ মজুমদার ও জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে বিষয়টি বিস্তারিত জানাবো।”
ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক তরজায় ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। দলীয় সূত্রে দাবি, “এই ঘটনা প্রমাণ করে, তৃণমূল কংগ্রেসের নিচুতলা থেকে ওপরতলা পর্যন্ত দলীয় নেতৃত্বের মধ্যে শৃঙ্খলা বলে কিছু নেই। সাধারণ কর্মীরাও আজ নিরাপদ নন।”
এই ঘটনায় তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। টোল প্লাজা কর্তৃপক্ষের তরফেও গোটা ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখার কথা জানানো হয়েছে। এখন দেখার, দলীয় স্তরে আদৌ কোনও ব্যবস্থা নেয় কি না তৃণমূল কংগ্রেস।







