খেলাধুলা

১৪ না ১৫ জনের দল? ওয়াশিংটন সুন্দরকে ঘিরে গম্ভীরের কঠিন সিদ্ধান্ত

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু প্রতিযোগিতা শুরুর মুখে ভারতীয় শিবিরে একটি বড় প্রশ্নচিহ্ন—বিশ্বকাপে কি খেলতে পারবেন ওয়াশিংটন সুন্দর? এই প্রশ্নের উত্তর মিলবে বিশ্বকাপ শুরুর মাত্র তিন দিন আগে।

জানা গিয়েছে, ৪ ফেব্রুয়ারি ওয়াশিংটন সুন্দরের ফিটনেস পরীক্ষা হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই বিশ্বকাপে খেলার ছাড়পত্র মিলবে তাঁর। আপাতত বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে চিকিৎসাধীন সুন্দর। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। চিকিৎসকদের মতে, তাঁর সেরে উঠতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে। সুন্দরের পাঁজরের কাছে পেশি ছিঁড়ে যাওয়ার ফলে পুরোপুরি সুস্থ হতে দেরি হচ্ছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, ৩০ জানুয়ারি পর্যন্ত বিশ্বকাপের দলে পরিবর্তন করা যায়। তবে যদি কোনও ক্রিকেটার চোট পান, সে ক্ষেত্রে প্রতিযোগিতা শুরু হওয়ার পরেও বিশেষ অনুমতি নিয়ে দলে বদল করা সম্ভব। চোটের ক্ষেত্রে আইসিসি সাধারণত আপত্তি করে না। এই নিয়মের সুযোগ নিয়েই সুন্দরকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্ট।

৩ ফেব্রুয়ারি থেকে মুম্বইয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ প্রস্তুতি শিবির। ৪ ফেব্রুয়ারি সেখানেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচের আগেই সুন্দরের ফিটনেস পরীক্ষার ফল জানা যাবে।

এদিকে চোটের কারণে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলতে না পারা তিলক বর্মা শিবিরে ফিরতে চলেছেন। বুধবার সেন্টার অফ এক্সেলেন্সে ম্যাচ খেলেছেন তিলক বর্মা ও রিয়ান পরাগ। বোর্ড সূত্রে খবর, ৪ ফেব্রুয়ারির প্রস্তুতি ম্যাচের আগেই শিবিরে যোগ দেবেন তিলক। তাঁর বিশ্বকাপে খেলা নিয়ে কোনও সংশয় নেই। দলের সহ-অধিনায়ক অক্ষর পটেলও আঙুলে চোট পেয়েছেন, তবে তাঁকেও বিশ্বকাপে পাওয়া যাবে। আঙুলে নতুন করে চোট এড়াতেই আপাতত তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।

যদি শেষ পর্যন্ত সুন্দর খেলতে না পারেন, তা হলে বিকল্প হিসেবে রিয়ান পরাগকে নেওয়া হতে পারে। তাই তাকেও প্রস্তুত রাখা হচ্ছে। তবে অন্য একটি সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওয়াশিংটন সুন্দরকে বিশেষভাবে পছন্দ করেন কোচ গম্ভীর। স্পিনার-অলরাউন্ডারের অভাব না থাকায়, শুরুতে সুন্দরকে না পেলেও দলের ভারসাম্যে সমস্যা হবে না বলে মনে করছেন তাঁরা। এমনকি চিকিৎসকেরা যদি জানান যে, নক আউট পর্ব থেকে সুন্দরকে পাওয়া যেতে পারে, সে ক্ষেত্রেও তাঁর জন্য অপেক্ষা করতে পারে টিম ম্যানেজমেন্ট।

সে ক্ষেত্রে ১৫ জনের বদলে ১৪ জনের দল নিয়ে বিশ্বকাপ শুরু করতে পারে ভারত। পরে সুস্থ হলে দলে যোগ দেবেন ওয়াশিংটন সুন্দর—এই সম্ভাবনাও উজ্জ্বল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.