সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন (SSC) সম্প্রতি প্রকাশ করেছে চাকরি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ‘দাগি অযোগ্য’ প্রার্থীদের নাম। সেই তালিকাতেই থাকা বেশ কয়েক জন এবার কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করলেন। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করা হয় এ বিষয়ে। মঙ্গলবার এ মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
গত ২৯ অগস্ট শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিল, নির্দিষ্ট তারিখে পরীক্ষা আয়োজন করতে হবে এসএসসি-কে এবং ‘দাগি অযোগ্য’দের পরীক্ষায় অংশগ্রহণ রোধ করতে হবে। একই সঙ্গে সাত দিনের মধ্যে তাদের নামের তালিকা প্রকাশ করার নির্দেশও দিয়েছিল আদালত। সেই নির্দেশ মেনেই শনিবার ১৮০৪ জনের নাম প্রকাশ করে কমিশন। পরের দিন আরও দু’জনকে যুক্ত করা হয়। বর্তমানে সেই তালিকায় নাম রয়েছে মোট ১৮০৬ জনের।
আদালতে গিয়ে ওই প্রার্থীদের প্রশ্ন, কোন ভিত্তিতে তাঁদের ‘দাগি’ বলা হল? কে এই সিদ্ধান্ত নিল? তাঁদের দাবি, কলকাতা হাই কোর্টের আগের নির্দেশ অনুযায়ী ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ উভয় তালিকাই প্রকাশ করার কথা ছিল। কিন্তু কমিশন কেবল অযোগ্যদের নামই প্রকাশ করেছে। আবার যাঁরা এবার পরীক্ষার জন্য আবেদন করেছিলেন, তাঁদের ফর্ম গ্রহণ করা হলেও এখন কেন বাদ দেওয়া হচ্ছে, সে প্রশ্নও তোলা হয়েছে।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চালাতে গিয়ে সিবিআই বিভিন্ন নথি ও উত্তরপত্র সংগ্রহ করেছিল। তার ভিত্তিতেই কয়েক জনকে ‘দাগি’ হিসেবে শনাক্ত করা হয়। সেই প্রমাণের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট ২৬ হাজার নিয়োগ বাতিল করে দেয়। রায়ে জানানো হয়েছিল, ওই প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না এবং তাঁদের প্রাপ্ত বেতন ফেরত দিতে হবে। এর পরই কমিশন নতুন পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া শুরু করে। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নির্ধারিত রয়েছে সেই পরীক্ষা। তবে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ‘দাগি’ প্রার্থীরা।







