বলিউডে নিজের কেরিয়ার শুরু করার পর ফের বড়ো খবরে উঠে এলেন সুহানা খান। কিংবদন্তি অভিনেতা শাহরুখ খানের কন্যা সুহানা এবার নামী ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন। এই খবরকে ঘিরে ইতিমধ্যেই বলিউড ও বিজ্ঞাপন জগতে শোরগোল শুরু হয়েছে।
অ্যাডিডাসের সঙ্গে যুক্ত হয়ে সুহানা নিজেও খুশি। তিনি বলেন,”অ্যাডিডাস পরিবারের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই সুযোগ আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।” তিনি আরও আশাপ্রকাশ করেন, এই নতুন দায়িত্ব তাঁর কেরিয়ারে একটি সদর্থক দিক তৈরি করবে। সুহানার বলিউড যাত্রা এবং অ্যাডিডাসের মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে তাঁর যুক্ত হওয়া নিঃসন্দেহে তাঁর ভবিষ্যৎ কেরিয়ারের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন অনেকে।
এদিকে বর্তমানে সুহানা ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি ‘কিং’-এর শ্যুটিংয়ে, যেখানে প্রথমবারের মতো তিনি পর্দা ভাগ করতে চলেছেন তাঁর বাবা শাহরুখ খানের সঙ্গে। শোনা যাচ্ছে, এই ছবিতে দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে এবং তিনি সুহানার মায়ের চরিত্রে অভিনয় করতে পারেন। এছাড়াও অভিষেক বচ্চন, আরশাদ ওয়ার্সি, জ্যাকি শ্রফ, অনীল কাপুর, রানি মুখার্জি, রাঘব জুয়াল, অভয় বর্মা-র মতো তাবড় তারকাবৃন্দ রয়েছে ‘কিং’- এ। আশা করা যাচ্ছে ২০২৬ এর মাঝামাঝি বড়োপর্দায় মুক্তি পাবে ‘কিং’।







