এনকাউন্টারের পর থেকেই পুলিশের দাবি ছিল, বারুইপুরের নৃশংস ঘটনার মূল পরিকল্পনাকারী ছিল প্রভাস। তার মৃত্যুর পর গ্রেফতার হওয়া বাকি তিন অভিযুক্তকে মুখোমুখি জেরা করে তদন্তকারীদের হাতে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। পুলিশ সূত্রের দাবি, প্রভাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিকৃত মানসিকতার অভিযোগ ছিল। স্থানীয় বহু মহিলাকে সে উত্যক্ত করত বলেও জানা গিয়েছে। নির্যাতিতা নাবালিকার উপরও বেশ কিছুদিন ধরে নজর রেখেছিল সে। সেই কারণেই পরিকল্পিতভাবে মেয়েটির সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে, যাতে সহজেই তাকে ঘটনাস্থলে নিয়ে যেতে পারে।
প্রভাসের মৃত্যুর পর তার মা ও স্ত্রী দু’জনেই জানিয়েছেন, সে নিয়মিত নেশাগ্রস্ত থাকত। স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও তুলেছেন তার স্ত্রী। তাঁর কথায়, “ওর মানসিকতা বরাবরই নোংরা ছিল। তাই এই ঘটনার সঙ্গে ও জড়িত নয়, সেটা নিশ্চিতভাবে বলতে পারব না।” প্রতিবেশীরাও প্রভাসের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। একই দাবি উঠে এসেছে ধৃত কবীর মোল্লা, দিবাকর সর্দার ও আনন্দ সর্দারের জেরাতেও। তদন্তকারীদের দাবি, ধৃতদের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনার ছক কষেছিল প্রভাসই। একই এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে সে দীর্ঘদিন ধরে নির্যাতিতার উপর নজর রাখছিল এবং ধীরে ধীরে তার বিশ্বাস অর্জন করেছিল।
তবে তদন্তে নতুন একটি প্রশ্নও সামনে এসেছে। প্রকাশ্যে আসা জেরার ভিডিওতে প্রভাসকে ‘রাজা’ নামে এক ব্যক্তির উল্লেখ করতে শোনা গিয়েছে। এই ‘রাজা’ আসলে কে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, ধৃতদের কারও ডাকনাম হতে পারে রাজা। আবার তদন্তকে বিভ্রান্ত করতেই ইচ্ছাকৃতভাবে ওই নাম ব্যবহার করে থাকতে পারে প্রভাস।
পুলিশের দাবি, নাবালিকাকে ঘটনাস্থলে নিয়ে আসা, নির্যাতনের পরিকল্পনা, দেহ গোপন করা থেকে শুরু করে পুলিশের নজর এড়িয়ে যাওয়ার কৌশল—সবকিছুর নীলনকশাই তৈরি করেছিল প্রভাস। যদিও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা সফল হয়নি। তদন্তে আরও জানা গিয়েছে, প্রভাসের স্থায়ী কোনও কাজ ছিল না। দিনের বেশিরভাগ সময় নেশায় কাটাত সে। স্ত্রীর সঙ্গেও তার সম্পর্ক ভালো ছিল না, যার অন্যতম কারণ ছিল তার চরিত্র নিয়ে নানা অভিযোগ। স্থানীয় বহু মহিলার প্রতিও তার কুদৃষ্টি ছিল বলে অভিযোগ। এদিকে, তদন্তের স্বার্থে খুব শীঘ্রই বাকি ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ (রিকনস্ট্রাকশন) করা হবে বলে জানিয়েছে পুলিশ।







