অসমের মরিগাঁও জেলার ধরমতুল এলাকার দাপোনিবাড়ি গ্রামে আফ্রিকান সোয়াইন ফিভার (ASF) শনাক্ত হওয়ার পর জেলা প্রশাসন অঞ্চলটিকে সংক্রমণ কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে। ৪ ই জুন নির্দেশনায় জানানো হয় দাপোনিবাড়ি গ্রামের এক কিলোমিটার এর মধ্যে এলাকাগুলিতে “সংক্রামিত এলাকা”এবং ১০ কিলোমিটার এলাকাগুলিকে বিশেষ ভাবে “চিহ্নিত সংক্রমিত এলাকা” বলে ঘোষণা করা হয়েছে ।
সংক্রামিত এলাকায় কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে,
ASF-এ আক্রান্ত বা সন্দেহভাজন শূকর স্থানান্তর করা যাবে না।
জীবিত শূকর, শূকরের খাদ্য, মাংসজাত পণ্য আনা-নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
শূকর সংক্রান্ত কোনো প্রদর্শনী ও বাজারজাত আয়োজন পুরোপুরি ভাবে নিষিদ্ধ।
সংক্রামিত পশুর মৃতদেহ জলাশয়ে ফেলা আইনত দণ্ডনীয় বলে গণ্য করা হয়েছে।
পশু নিধনের নির্দেশনা ছাড়া নজরদারি এলাকায়ও উপরের সব বিধিনিষেধ প্রযোজ্য রয়েছে।
এছাড়া, বন বিভাগের সহায়তায় বনাঞ্চল সংলগ্ন এলাকায় গৃহপালিত শূকরদের উপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে ।
ASF একটি মারাত্মক ভাইরাল রোগ, যা শূকরদের মধ্যে দ্রুত ছড়ায় এবং মৃত্যুর কারণও হতে পারে। এই রোগের কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। মানুষ এই রোগে আক্রান্ত হয় না, তবে সংক্রমণের ফলে শূকর শিল্পে অর্থনৈতিক ক্ষতি হয়। ভালোভাবে রান্না করা শূকরের মাংস খাওয়া নিরাপদ।
ASF-এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রশাসন এখন যথেষ্ট সক্রিয়, পশু চিকিৎসা বিভাগ এবং স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সংক্রমণ রোধে সতর্কতা ও বিধিনিষেধ মেনে চলা সকলের কর্তব্য বলে মনে করা হচ্ছে।







